রাসেল-কার্তিকের ব্যাটে রক্ষা কলকাতার
স্পোর্টস ডেস্ক: দল ছিল ভীষণ বিপদে। ৬১ রানের মধ্যে নেই ৫ উইকেট। সেখান থেকে সম্মানজনক একটা পুঁজি পাওয়াই তো অসম্ভব হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। অথচ এই দলটিই দিল্লি ক্যাপিটালস বোলারদের সামলে তুলে নিলো ৭ উইকেটে ১৮৫ রানের বড় পুঁজি। কিভাবে সম্ভব হলো? পুরো কৃতিত্বটাই দুই ব্যাটসম্যান-দিনেশ কার্তিক আর আন্দ্রে রাসেলের। ষষ্ঠ উইকেটে তারা ৯৫ রানের এক ঝড়ো জুটি গড়েছেন। তাতেই কলকাতা পেয়েছে বড় সংগ্রহ।
আন্দ্রে রাসেল মাত্র ২৮ বলে খেলেন ৬২ রানের বিধ্বংসী এক ইনিংস। যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি। ৪টি বাউন্ডারির সঙ্গে ক্যারিবীয় এই অলরাউন্ডার হাঁকিয়েছেন ৬টি ছক্কা। ফিফটি করেছেন কার্তিকও। কলকাতা অধিনায়ক ৩৬ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে আউট হন।
এরপর পিযুশ চাওলা ৫ বলে ১২ আর কুলদ্বীপ যাদব ৫ বলে ১০ রানের ছোট দুটি ইনিংসে কলকাতাকে নিয়ে যান লড়াকু সংগ্রহ পর্যন্ত। আর ওপেনিংয়ে নেমে ১৮ বলে ২০ করেছিলেন ক্রিস লিনও। দিল্লির পক্ষে সবচেয়ে সফল ছিলেন হার্শাল প্যাটেল। তবে ২ উইকেট পেলেও তিনি ৪ ওভারে খরচ করেন ৪০ রান।




