272056

দোলেশ্বরকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

ফাইনালের আগেরদিনই মিডিয়ার সামনে এসে শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, এবার আর রানারআপ হতে চান না। জিততে চান শিরোপা। আগের বছর তার অধীনেই রানারআপ হতে হয়েছিল শেখ জামালকে। এছাড়া বিপিএলে নুরুল হাসান সোহান অধিনায়ক না থাকলেও তার নিজের দল ঢাকা ডায়নামাইটসকে দেখেছেন রানারআপ হতে।

নুরুল হাসান সোহানেরই যেন সেই চাওয়ার প্রতিফলন ঘটেছে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ২৪ রানে হারিয়ে শেষ হাসি হাসলো নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের করা ১৫৭ রানের জবাবে প্রাইম দোলেশ্বর থেমে গেছে ১৩৩ রানে।মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন তান্নার অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শেখ জামাল।

৪৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন তান্না। অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেই ২৭ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। তানবির হায়দার শেষ মুহূর্তে ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় তোলেন ৩১ রানের ঝড়। তাতেই একটা লড়াকু স্কোরে গিয়ে পৌঁছায় শেখ জামালেল ইনিংস।

জবাব দিতে নেমে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। ২০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ফরহাদ রেজা। ২৩ বলে ৩৩ রান করে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার মোহাম্মদ আরাফাত। ২৬ রান করেন সাইফ হাসান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শেখ জামালের বোলার শহীদুল ইসলাম ৪ ওভারে ১৯ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। তার বোলিংয়ের সামনেই মূলত পরাজয় মানতে বাধ্য হয় প্রাইম দোলেশ্বর।

ad

পাঠকের মতামত