১৩ বছর পর সেই তান্নাই হলেন ফাইনাল সেরা
সত্যি ইতিহাসের কী অবিশ্বাস্য পুনরাবৃত্তি! ১৩ বছর আগে এই প্রিমিয়ার ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি আসরের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ইমতিয়াজ হোসেন তান্না।২০০৬ সালের ডিসেম্বরে এই শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে প্রিমিয়ার টি-টোয়েন্টি আসরের প্রথম ফাইনালে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, তামিম ইকবাল, নাদীফ চৌধুরী, মেহরাব জুনিয়র, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন রাজীব, নাজমুল ইসলাম ও ডলার মাহমুদদের নিয়ে গড়া শক্তিশালী ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৫০ বলে আট বাউন্ডারি আর চার ছক্কায় ৮২ রানের বড় ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা।
আজ ১৩ বছর পর সেই একই মাঠে একই আসরে ফাইনালে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবারও ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফাইনাল সেরা হলেন সিলেটের ছেলে ইমতিয়াজ হোসেন তান্না। শেখ জামালের এ অভিজ্ঞ ওপেনার ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৬ রান করে বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বলে বোল্ড হয়ে গেলেও শেষ পর্যন্ত সেটাই আজকের ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হয়ে ছিল।
ম্যাচ অ্যাডজুডিকেটরদের রায়ে তার ওই ইনিংসটিই শেষ পর্যন্ত ফাইনাল নির্ধারনী ইনিংস হিসেবে মূল্যায়িত হয়েছে। তাই তারা ইমতিয়াজ তান্নাকে ফাইনাল সেরার পুরস্কারে ভূষিত করলেন। আজকের ফাইনালের শুরুতে প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলা ইমতিয়াজ তান্না অপর প্রান্তে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় খানিক স্লথ হয়ে যান। তারপরও ইনিংসে দুই ছক্কা ও চার বাউন্ডারিতে ছিল তার।
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি লিগে দ্বিতীয় সর্বাধিক ২৪৫ রান করে মোহামেডানের শিরোপা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইমতিয়াজ তান্না। এবার শেখ জামালের হয়ে গ্রুপ পর্বে আহামরি পারফর্ম করতে না পারলেও ফাইনালে ঠিক জ্বলে ওঠে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে রাখলেন অগ্রণী ভূমিকা।




