269690

পাক-ভারত নিয়ে ‘নিবিড় পর্যবেক্ষণে’ চীনা সেনাবাহিনী

দুই বন্ধু রাষ্ট্রের সংকটময় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনের সামরিক বাহিনী। ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবারে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভারত ও পাকিস্তান উভয়েই চীনের বন্ধু। তারা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক। যেসব মতপার্থক্যের কারণে তাদের মধ্যে এই উত্তেজনা সেটা নিরসনে কাজ করতে হবে দুই দেশকেই।’

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল রে গুয়াংচাং ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে এক সম্মেলনে বলেন, ‘আমরা তাদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর রাখছি। চীন দুই দেশের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ দুই দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সেটা এই অঞ্চল ও বিশ্বের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহর হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।এ হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।এখানেই থেমে নেই, গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

ad

পাঠকের মতামত