‘সেনারা সীমান্তে, অথচ মোদি আছেন তার ভোট নিয়ে’
পাক-ভারত চলমান যুদ্ধাবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রন্দীপ সিং সুরুজওয়ালা বলেন, সেনারা সীমান্তে কষ্ট করছে, আর প্রধানমন্ত্রী আছেন তার ভোট নিয়ে । দেশের সব মানুষও মুখিয়ে আছে সেনাবাহিনীর দিকে, অথচ এ পরিস্থিতিতেও দলীয় কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্স করতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কংগ্রেস পাক-ভারত সংঘাত ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে দলীয় কমিটির বৈঠক ও র্যালি স্থগিত করেছে জানিয়ে সুরুজওয়ালা বলেন, দেশের সাহসী ছেলেরা জীবন বাজি রেখে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তাদের নিরাপদ রাখতে মোদিজির কোনো চেষ্টা আছে বলে মনে হয় না।
দেশবাসির মন সীমান্তে থাকলেও প্রধানমন্ত্রী তার ভিডিও কনফারেন্সের রেকর্ড নিয়ে পড়ে আছেন।বৃহস্পতিবার সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে ‘মেরা বুথ, ছব ছে মজবুত’ শিরোনামে একটি ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।অন্য আরেক কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, দেশের দুঃসময়ে শাসক দলের ওপর সবাই বেশি নির্ভরশীল হয়, কিন্তু সেই সময়ে নিজের দলের কাজেই ব্যস্ত নরেন্দ্র মোদি।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সময়ে একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন মোদি। নৈনিতাল নামক জায়গার জিম করবেট জাতীয় উদ্যানে সেদিন দুপুরে শুটিং শুরু হয়েছিল।
বিকালে পুলওয়ামায় বিস্ফোরণের খবর আসার পরও শুটিং বন্ধ করেননি মোদি। সন্ধ্যা পর্যন্ত শুটিং শেষ করে চায়ের আড্ডায় খোশগল্পে মেতে ওঠেন তিনি।স্থানীয় সংবাদপত্রগুলোতে দেশটির প্রধানমন্ত্রীর সেই সফরের বিবরণ প্রকাশিত হয়েছে। আর সেই সূত্র ধরেই মোদিকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়েছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তখন বলেছিলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাৎক্ষণিক শুটিং বন্ধ করে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করা। তা না করে তিনি শুটিংয়ে মগ্ন ছিলেন। এর পর চায়ের আড্ডায় মেতেছেন।কংগ্রেস মুখপাত্র বলেছেন, যেখানে সিআরপিএফের ৪০ বাঘ নিহত হয়ে গেল, আর প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে আছেন বনের বাঘ নিয়ে।




