প্রেসিডেন্ট ভবন থেকে হামলা সরাসরি তত্ত্বাবধান করেন মোদি
পাকিস্তানে বিমান হামলার পুরো প্রক্রিয়াই প্রেসিডেন্ট ভবন থেকে তত্ত্বাবধান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনে রাখা ছিল হামলার নীল নকশা। বিমানবাহিনীর প্রতিটি পদক্ষেপের খবর নিচ্ছিলেন তিনি ঠাণ্ডা মাথায়।মিনিটে মিনিটে ঘটনার আপডেট নেন তিনি। কতদূর এগোনো গেল? সব ঠিক আছে তো? বালাকোটে ঢুকা গেছে? তার আগেই একাধিক হামলার নকশা রচনা করে তুলে দেয়া হয় বিমানবাহিনী প্রধান বীরেন্দ্র সিং ধানওয়াকে। সব দেখেশুনে তিনি এই পরিকল্পনাতে সিলমোহর দিয়েছিলেন।
২১ মিনিটের অপারেশনে তোলপাড় হয়ে যায় পাক অধিকৃত কাশ্মীরের একের পর এক জঙ্গি ঘাঁটি। সকাল হতেই সব প্রকাশ্যে চলে আসে। গোটা ঘটনা প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে জানিয়ে প্রধানমন্ত্রী ফিরে যান নিজের বাসভবনে।হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরের দিনই বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। নেতৃত্বে ছিলেন মোদি। সেখানেই এই তৈরি করা হয় এ হামলার নকশা।
সোমবার রাতে নৈশভোজ সেরে প্রেসিডেন্ট ভবনে চলে যান মোদি। সারা রাত জেগেছিলেন তিনি। এ সময় বিভিন্ন বই পড়েন ও কয়েক জায়গায় টেলিফোন করেন তিনি। তারপর রাত সাড়ে তিনটে। প্রধানমন্ত্রীর ফোন যায় বিমানবাহিনী প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। জেনে নেন সব তৈরি আছে কিনা। ঠাণ্ডা গলায় জারি হয় অ্যাকশন। তারপর নিস্তব্ধ সাউথ ব্লক।




