ভারতীয় হামলার কয়েক মিনিটের মধ্যেই ছুটে আসে পাক ফাইটার জেট
‘মঙ্গলবার ভোর সাড়ে ৩টা। হঠাৎ একটা জোর বিস্ফোরণ। ৪-৫ মিনিটের মধ্যে ফের একই রকম তীব্রতায় বিস্ফোরণ। পরের ১৫ সেকেন্ডের মধ্যে আরও একটা বিস্ফোরণ। এইভাবে পরপর পাঁচটি বিস্ফোরণে গুঁড়িয়ে দেয়া হয় জইশ ই মোহাম্মদের বালাকোট জঙ্গি প্রশিক্ষণ শিবির।’ বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় বিমান বাহিনীর হামলার কথা এভাবেই জানান স্থানীয় দুই বাসিন্দা।ইকোনোমিক টাইমস জানায়, অভিযান শেষে ভারতীয় বিমান চলে যাওয়ার কিছুক্ষণ পরই উড়ে আসে পাক জঙ্গিবিমান।
মঙ্গলবার পাকিস্তানে মুজাফফারাবাদ, চাকতি ও বালাকোট এই তিন জায়গায় হামলায় চালায় ভারতীয় বিমানব বাহিনী। পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণ যায়। সেই জঙ্গি হামলার প্রত্যাঘাত করে ভারত।ভারত দাবি করছে, বিমানবাহিনীর ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে অনেকগুলো জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেয়। মৃত্যু হয় সিনিয়র কমান্ডারসহ মোট ৩০০ জন জঙ্গির।
ওই সময় কী শুনেছিলেন গ্রামবাসীরা? এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাত ৩টার দিকে প্রথমে একটা বিস্ফোরণ হয়। ৪-৫ মিনিট পর ফের বিস্ফোরণ হল। এর ১৫ সেকেন্ড পর ফের বিস্ফোরণ। চতুর্থবার বিস্ফোরণ হল। তারপর গ্রামবাসীরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন। তার কয়েক মিনিট পর পাকিস্তানি বিমান আকাশে ঘুরছিল। ভারতীয় বিমান তখন চলে গিয়েছিল।’আর একজন বলেন, ‘পরপর পাঁচবার ভয়ঙ্কর আওয়াজ হয়। কিছু পরে জানতে পারি বিস্ফোরণ হয়েছে। তারপর আকাশের বিমান ওড়ার আওয়াজ থেমে গেল। কিছু পরে আমাদের পাকিস্তানি বিমান উড়ে এল। তখন ভারতীয় বিমান ছিল না।’




