251957

প্রথম একনেক সভায় ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আজ মঙ্গলবার প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে ‘পিপিআর রোড নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।বিদ্যমান সাতটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ছয়টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পও সভায় অনুমোদন দেওয়া হয়।একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এই আট প্রকল্পের ব্যয় পুরোপুরি সরকারি অর্থায়নে করা হবে।

তিনি আরও বলেন, ‌‘৮ প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো। আমরা উন্ময়নের তীর্থযাত্রা শুরু করলাম। আমাদের মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন করা। উন্নয়নের গতি আরও বাড়াতে চাই। এখন প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ, এটাকে আমরা ৮ ও ৯ শতাংশ নিয়ে যাবো। ’সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ad

পাঠকের মতামত