বিপিএল মাতাতে ঢাকায় হেলস-রুশো
স্পোর্টস ডেস্ক: বেজে উঠেছে বিপিএল ঘণ্টা। শনিবার মাঠে গড়াচ্ছে ষষ্ঠ আসর। বিপিএল মাতাতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ হার্ডহিটার অ্যালেক্স হেলস ও প্রোটিয়া তারকা রিলে রুশো। এবারের আসরে একই দলের হয়ে খেলবেন তারা। দুজনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন।ইতিমধ্যে ঢাকায় পা রেখেছেন হেলস-রুশো। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে নামার কথা তাদের। বিপিএল সামনে রেখে গতকাল প্রধান কোচ টম মুডির অধীনে অনুশীলন শুরু করেছে রংপুর। উদ্বোধনী দিনে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবে মাশরাফির নেতৃত্বাধীন দলটি।
এবারও শিরোপা ধরে রাখতে চায় রংপুর রাইডার্স। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে উত্তরবঙ্গের দলটি। সেই পরিকল্পনাতেই রুশো ও হেলসের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন রাইডার্সরা।এবার রংপুরের হয়ে বিপিএল মাতাবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। এ ছাড়া টি-টোয়েন্টি কিং ক্রিস গেইল, রবি বোপারার মতো ক্রিকেটারদের উপস্থিতি দলটির ব্যাটিং অর্ডার শক্তিশালী করেছে।
রংপুর রাইডার্স স্কোয়াড-দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মেহেদি মারুফ, ফারদিন হোসেন, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, অ্যালেক্স হেলস, রিলে রুশো, শেন উইলিয়ামস, বেনি হাওয়েল ও শেলডন কটরেল।




