246176

সংসদে গিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের সংশ্লিষ্ট কক্ষে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে, মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।নতুন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি মাশরাফি বিন মর্তুজা। শপথ অনুষ্ঠানে মাশরাফি এসেছেন মুজিব কোট গায়ে। মুজিব কোট পরিহিত অবস্থায়ই সবার সাথে শপথ নিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য। প্রথম দিন জাতীয় সংসদে গিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এলাকার উন্নয়নের কথা জানালেন। বলেন, এলাকার উন্নয়নেই বেশি নজর দেবেন।

মাশরাফি জানান, ‘আমার নিজ এলাকার উন্নয়নে আমি সবচেয়ে বেশি নজর দেব। কারণ, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’বাংলাদেশ ক্রিকেটেও তিনি অবদান রাখতে চান। বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য একজন আইনপ্রণেতা হিসেবে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান মাশরাফি।এদিকে মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে জোর আলোচনা।আবিদ মুন্সী নামে একজন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নড়াইলবাসীর প্রাণের দাবি, মাশরাফি বিন মর্তুজাকে (কৌশিক) পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে দেখতে চাই।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম জানান, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কৃষি, পরিবেশসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা এমপি নির্বাচিত হওয়ায় এসব উন্নয়ন কার্যক্রম আরও বাড়বে। মাশরাফিকে মন্ত্রী হিসাবে ঘোষণা দেয়ার দাবিও জানান তিনি।প্রসঙ্গত, নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ২ লাখ ৬৩ হাজার ৩২৭ ভোট। নড়াইলের ইতিহাসে এতো বেশি ব্যবধানের বিজয় আর কেউ পাননি বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত