শেখ হাসিনাকে নিয়ে গান গাইলেন কামরান
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় গান গাইলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গান, ‘কোন মেস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়’ গানের অনুকরণে কামরান গেয়ে ওঠেন, ‘কোন মেস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে বঙ্গবন্ধুর নৌকায়, ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও’।শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সিলেট আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে পৌঁছান তখনই গানের সুরে সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কামরান।এসময় মাঠে উপস্থিত নেতাকর্মীরা ‘নৌকা নৌকা’ শ্লোগানে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।
মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজ থেকে শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছালে মঞ্চ থেকে তার আগমনের কথা ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এ সময়, ‘জননেত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিতে থাকেন সমাবেশে আগত আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এর পরপরই গান গেয়ে ওঠেন বদর উদ্দিন আহমদ কামরান।এর আগে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দর এসে পৌঁছান। ওখান থেকে তিনি সোজা যান হজরত শাহজালাল (রহ.) এর মাজারে।
মাজার জিয়ারত শেষে দুপুর পৌনে ১২টার দিকে তিনি রওনা দেন হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সোজা চলে আসেন সার্কিট হাউজে।জানা গেছে, এবার নিজস্ব খরচে সিলেটে নির্বাচনী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন।




