ভিসা চুক্তির প্রক্রিয়া চলছে আরও ৩২ দেশের সঙ্গে
নিউজ ডেস্ক।। গত কয়েক বছরে ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি কার্যকর করা হয়েছে। আরও ৩২টি দেশের সঙ্গে এ চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেসব দেশের সঙ্গে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি কার্যকর হয়েছে সেগুলো হচ্ছে, ইন্দোনেশিয়া, চিলি, তুরস্ক, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভারত, মালয়েশিয়া, কুয়েত, জাপান, রাশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। সম্প্রতি বাংলাট্রিবিউনের প্রতিবেদক জামাল উদ্দিন তার একটি বিশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন।
তার প্রতিবেদন অুসারে, ২০০৯ সালের পর থেকে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ১৪টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তিগুলো কার্যকর করা হয়। এছাড়া আরও ৩২টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি চুক্তি প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকারের অধীনে কম সময়ে জটিলতামুক্ত পদ্ধতিতে বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে। ২০১৫-২০১৮ পর্যন্ত গত তিনটি অর্থবছরে ১৫ লাখ ৫৭ হাজার ৭৬৬ জন বিদেশি নাগরিক ভিসা নিয়ে বাংলাদেশ ভ্রমণ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, এ সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বহির্গমন ও পাসপোর্ট অধিদফতর এমআরপি ও এমআরভি শীর্ষক প্রকল্পটি ২০১৭-১৮ অর্থবছরে সফলভাবে শেষ হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে এ যাবত ৩২ লাখ ৩০ হাজার এমআরপি এবং এক লাখ ২৪ হাজার এমআরভি ইস্যু করা হয়েছে। এতে ১৩ হাজার ২১৫ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা আয় হয়েছে। ই-পাসপোর্ট প্রবর্তনসহ ই-গেইট স্থাপনের মাধ্যমে ইমিগ্রেশন কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে।




