আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, গ্রেপ্তার ১১
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের নৌকা মার্কার অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরণ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রতনগঞ্জ গ্রামের মোশারফ হোসেন (৪০), আওলাতৈল গ্রামের হারুন অর রশিদ (৩২), সালেংকা গ্রামের আমিনুর রশিদ (৪৫), একই গ্রামের ছামান আলী (৫২), সহদেবপুর গ্রামের মিজানুর রহমান মজনু (৩৫), মোন্দইল গ্রামের আবু বকর মল্লিক (৩৫), বলধী গ্রামের বাহাজ উদ্দিন (৫০), একই গ্রামের লুৎফর রহমান (৪০), কোকরাইল গ্রামের আয়নাল হক (৪৮), বানিয়াফৈর ওমর আলী (৪৫) এবং দ্বিমুখা গ্রামের আশিকুর রহমান সোহেল (৪৩)।
গ্রেপ্তার হওয়া বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।এ বিষয়ে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গত ১৯ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।




