খালেদার জন্য কান্না করে লাভ নাই
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দলটির নেতাকর্মীদের কান্না করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম।গতকাল রোববার বিকেলে বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এ কথা বলেন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এবার ভোটে লড়ছেন তিনি।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জন্য কান্না করে লাভ নাই। ভোট দিয়ে তাকে মুক্ত করা সম্ভব নয়। দুর্নীতির দায়ে তিনি কারাগারে। আদালত তাকে সাজা দিয়েছেন। এখন ভোটের মাধ্যমে তার মুক্তি চাওয়া বিএনপির মুখে মানায় না।’
রফিকুল ইসলাম বলেন, ‘আল বদর ও আল সামস ১৯৭১ সালে আত্মসমর্পণ করেনি। তারা এখন বিএনপির সাথে মিশে আছে। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের এই কমান্ডার আরও বলেন, ‘মানুষের কল্যাণে শেখ হাসিনা নতুন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে ধণী রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করা হবে। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্ব আরও বক্তব্য দেন অধ্যাপক ফজলুল হক, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, খালেদুর রহমান মিঠু, মাহবুব-উল-আলম লিপন, আলী আশরাফ দুলাল, আহসান হাবীব অরুণ, সৈয়দ আহম্মদ খসরু, গোলাম পারুক মুরাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী মাঈনুদ্দিন। সূত্র: দৈনিক আমাদের সময়




