220199

এটি পুরোপুরি মিথ্যা ও হাস্যকর কথা: অপু

আসছে ঈদে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও শাকিব খান জুটির সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’। ছবিটির মুক্তি নিয়ে রয়েছে দু’জনের ভিন্ন মন্তব্য। একজন মুক্তির পক্ষে, অন্যজন বিপক্ষে।

শাকিব খান ‘পাঙ্কু জামাই’ মুক্তির বিপক্ষে। তার সোজাসাপ্টা ভাষ্য, “এই ছবির শুটিং শেষ হয়নি। দর্শকরা ছবিটি দেখতে গিয়ে প্রতারিত হবেন।”

এই ছবির নায়িকা অপু এখন তাঁর প্রথম টালিউডের ছবি ‘শর্টকার্ট’-এর কাজে ব্যস্ত। অপু বললেন ভিন্ন কথা। তিনি বলেন, “পাঙ্কু জামাই মুক্তির বিষয়ে তো আমার জানাই ছিল না। ঈদে যে ছবিটি মুক্তি পাচ্ছে, সেটাও জানলাম কলকাতায় এসে।

মুক্তির আগে তাই ইচ্ছে থাকলেও প্রচারণায় অংশ নিতে পারছি না। তবে কথা দিচ্ছি ঈদের আগে ফিরে যতটা সম্ভব প্রচারণায় অংশ নিবো। ছবিটি নিয়ে সবার সঙ্গে কথা বলবো।”

শাকিব খান তো অভিযোগ করেছেন ‘পাঙ্কু জামাই’ ছবিটি নাকি পুরোপুরি শেষ না করে মুক্তি দেওয়া হচ্ছে? “এটি পুরোপুরি মিথ্যা ও হাস্যকর কথা। দু-একজন ইচ্ছা করেই এটি রটাচ্ছেন। আমি যখন অভিনয় থেকে বিরতিতে গিয়েছিলাম, তখন এই ছবির মাত্র দুটি গানের শুটিং বাকি ছিল। ফিরে এসে দুটি গানই করে দিয়েছি।

শুনেছি শাকিবের ডাবিং বাকি ছিল, তিনিও তা করে দিয়েছেন। শুটিং শেষ না করার তো কিছু নেই। শুটিং আর ডাবিং শেষে মুক্তি দিতে তো সমস্যা নেই। ঈদ সিনেমা নিয়ে বরাবরই একটা রাজনীতি হয়। সেই রাজনীতিই ছবিটি আটকে রাখতে চাচ্ছে।”

ad

পাঠকের মতামত