সালমানকে হত্যার ষড়যন্ত্র : ভাড়াটে খুনি গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আলোচনায় আসেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বর্তমানে তিনি যোধপুর জেলে বন্দি আছেন। তবে তার অবর্তমানে সালমানকে হত্যার পরিকল্পনা করছিলেন গ্যাংস্টার দলের অন্যতম সদস্য সম্পত নেহেরা। গত বুধবার হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি সৌরভ সিং জানান, দলের প্রধান কর্তা বিষ্ণোইর অবর্তমানে রাজস্থান, দিল্লি, হারিয়ান,পাঞ্জাব, চণ্ডিগড়ে অপরাধমূলক কাজ চালিয়ে যান সম্পত নেহেরা।
হায়দ্রাবাদ থেকে এই ভাড়াটে খুনিকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাকে হারিয়ানা নিয়ে যাওয়া হয়।
আইজি সৌরভ সিং আরও বলেন, ‘ভাড়ায় খুন করার জন্য কোটি টাকা নেন সম্পত। দীর্ঘদিন ধরে সম্পতকে ধরার জন্য তদন্তে নেমেছিলেন তারা। একই জায়গায় ১০ দিনের বেশিদিন কখনও থাকতেন না সম্পত।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এর আগে সম্পতের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনডিএল)এক নেতাকে মারার জন্য চণ্ডিগড়ের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, গ্যাংস্টার ‘বিষ্ণোই’ দলের সদস্য সম্পত নেহেরা একজন পুলিশ কর্মকর্তার ছেলে। তিনি আবার জাতীয় স্তরের রুপা জয়ী একজন খেলোয়াড়। তার বন্দুকের নিশানা খুব ভালো। জানা গেছে, সম্পতের প্রেমিকার ফোনে আড়ি পেতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।




