ইউ-এস বাংলার গাফিলতি পেয়েছিলেন বিমানমন্ত্রী
নিউজ ডেস্ক।।
বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনেও ইউ-এস বাংলা এয়ারলাইন্সের যাত্রী পরিবহনে গাফিলতির প্রমাণ পেয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
সোমবার মন্ত্রণালয়ের গংসযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার রাত নয়টায় আকস্মিক পরিদর্শনে বিমান বন্দরে যান মন্ত্রী। এসময় সিঙ্গাপুরগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা বোডিং কার্ড দিতে দেরি করার অভিযোগ করেন। এর প্রেক্ষিতে মন্ত্রী বিমানবন্দরে কর্মরত এয়ারলাইন্সের কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি লোকবল সংকটের কথা জানিয়ে ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। কিন্তু এই ঘটনার একদিনের মাথায় ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের নেপালে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এয়ারলাইন্স কোম্পানিটির যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা।
সোমবার বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রী শাম্মী আক্তার বলেন, যে বিমান কোম্পানীর গাফিলতির প্রমাণ মন্ত্রী স্বয়ং পান এই বিমান কিভাবে ফ্লাই করে। এরকম এয়ারলাইন্সের কারণে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না বলে মন্তব্য করেন তিনি।
তবে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের নেপালে বিধ্বস্ত হওয়ার ঘটনার সাথে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সম্পূর্ণ কাকতালীয় বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উৎস: আমাদের সময়.কম।




