বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে যা কথা হলো
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি। আজ সোমবার বাংলাদেশ সময় ৫টা ৫০ মিনিটে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ কথোপকথন হয়।
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকি বিটু এ খবর নিশ্চিত করেছেন। বর্তমানে রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে অবস্থান করছেন শেখ হাসিনা।
আশরাফ সিদ্দিকি জানান, বিমান দুর্ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে।
দুর্ঘটনার বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী আগেও একবার ফোন করেন শেখ হাসিনাকে। তবে সে সময় তিনি বৈঠকে থাকায় কথোপকথন সম্ভব হয়নি।
আজ সোমবার এসটু-এইউজি মডেলের ৭৮ সিটের ওই বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মী ও সেনা সদস্যরা। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের উদ্ধারকাজ চলছে।
নেপালের বেসরকারি বিমানচলাচল কর্তৃপক্ষের প্রধান সঞ্জীব গৌতম জানান, বিমানটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায়। ধারণা করা হচ্ছে সেটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল। তবে বিমানটি বিধ্বস্তের প্রকৃত কারণ উদঘাটনের কারণ জানার চেষ্টা চলছে।




