205877

মুশফিকের সাথে বাংলাদেশও কি পারবে?

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহীমের ডিসমিসাল সংখ্যা ৪৮টি। এই ফরম্যাটে পঞ্চম উইকেটকিপার হিসেবে ৫০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করতে তার আর মাত্র দু’টিই প্রয়োজন। এই তথ্যটির বিষয়ে আলোচনা হচ্ছে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ থেকেই। মুশফিক যেমন এখনো মাইলফলকটি স্পর্শ করতে পারেননি, তার দলও এই ফরম্যাটে শেষ ৫ ম্যাচে জয়ের দেখা পায়নি। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার ম্যাচে মাইলফলকটি কি ছুঁতে পারবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক? নিদাহাস ট্রফিতে টাইগাররা কি জয়ের দেখা পাবে শ্রীলঙ্কার বিপক্ষে?

শ্রীলঙ্কার সাথে টি-টুয়েন্টিতে বাংলাদেশের অভিজ্ঞতা অম্ল-মধুর। অম্লটাই বেশি। ৯ বারের দেখায় ৭ বারই হেরেছে টাইগাররা। তবে মধুর বলার কারণ ওই দু’টি জয়ই। শেষ জয়টা শ্রীলঙ্কার এই মাঠেই। ম্যাচটি ছিল তখনকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার এই ফরম্যাট থেকে অবসর নেয়ার আগে শেষ ম্যাচ। তাছাড়া সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। ওই ম্যাচটি জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। আগের জয়টি ২০১৬ সালে, এশিয়া কাপে। লঙ্কানদের হারিয়ে সাকিব-সাব্বিররা ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করেছিলেন।

এতো গেল মধুর কথা। অম্লের কথা বলতে গেলে শুধু হতাশাই ঘিরে ধরবে। দেশের মাটিতে সর্বশেষ দুই টি-টুয়েন্টিতে লঙ্কানদের কাছে শোচনীয়ভাবেই হেরেছে বাংলাদেশ। আর নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ৬৮ ডট বলের ফাড়ায় ভারতের কাছে ৬ উইকেটের হার। হতাশার ফিরিস্তি এতটুকুই যথেষ্ট।

তিন জাতির এই টি-টুয়েন্টি সিরিজে প্রতিটি দল খেলবে মোট চারটি করে ম্যাচ। দুইটি করে ম্যাচ খেলা শেষ হয়ে ভারত-শ্রীলঙ্কার। লঙ্কানরা জিতেছে দু’টিতেই, ভারতীয়রা একটিতে। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ। সাথে মুশফিকের রেকর্ডটা হয়ে গেলে খারাপ হবে না। কারণ দলের বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারই বলছেন, বাংলাদেশের আগের রূপে ফিরতে একটি জয়-ই প্রয়োজন!

ad

পাঠকের মতামত