আর স্কুলে যাওয়া হবে না ফাতিমা-জেরিনের
যশোরের শার্শার বাগআঁচড়ায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই ছাত্রী নিহত হয়েছে৷ এসময় মারাত্মকভাবে আহত হয়েছেন বাইক চালক।
শনিবার (১০ মার্চ) সকাল সোয়া ৮টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে এই দুর্ঘটনাটি বলে জানান নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া।
নিহতরা হলেন- উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী ফাতিমা খাতুন (১২) এবং একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত জেরিন (১১)। তারা সম্পর্কে মামাতো-ফুফাত বোন।
দুর্ঘটনায় মারাত্মক আহত বাইক চালক আলমগীর হোসেন (৪৫) বাগআঁচড়া কলেজের প্রভাষক। তাকে স্থানিয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, আলমগীর মোটরবাইকে করে তার মেয়ে ও বোনজিকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ছাত্রী মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।




