যে কারণে মোস্তাফিজকে শ্রীলঙ্কা বিপক্ষ বল করাতে চাননি মাশরাফি
বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে নিজেদের সেরা বোলারদের আক্রমণে নিয়ে আসা হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটিই বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
ত্রিদেশীয় সিরিজের আগের তিন খেলার দুটিতে সাকিব আল হাসানকে দিয়ে বোলিং ওপেন করেছেন মাশরাফি। এক ম্যাচে নাসিরকে দিয়ে বাজিয়ে দেখেছেন। বৃহস্পতিবার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে দলের সেরা বোলার সাকিব এবং মুস্তাফিজকে একটু পড়ে আক্রমণে নিয়ে আসেন।
শ্রীলঙ্কার সামনে মাত্র ৮৩ রানের টার্গেট। মাশরাফি জানেন, এ ম্যাচের ফল কি হতে পারে। এ ম্যাচে হার এড়ানো সম্ভব নয়-এটা ধরে নিয়েই শুরুতে তাই সেরা বোলারদের ব্যবহার করেননি। মাশরাফি নিজে, নাসির, তরুণ আবুল হাসান রাজুকে দিয়ে বল করান শুরুতে। একদিন পরই ফাইনাল। ওই ম্যাচের জন্যই সাকিব, রুবেল, মোস্তাফিজকে রেখে দিতে চেয়েছিলেন অধিনায়ক।
কিন্তু মোস্তাফিজের চাওয়াতেই শেষ দিকে তার হাতে বল তুলে দেন মাশরাফি। ওয়ানডেতে ৪৯ উইকেট ‘কাটার বয়ের’। উইকেটের হাফ সেঞ্চুরি পেতেই অধিনায়কের কাছে বল করার আগ্রহ প্রকাশ করেছিলেন মোস্তাফিজ। যদিও কাঙ্ক্ষিত উইকেটটি নিতে পারেননি ‘কাটার বয়’।
এ প্রসঙ্গে মাশরফির বললেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আগে নাসির শুরু করেছিল, সাকিব করে নাই। আমি আমার মূল বোলারদের ব্যবহার করতে চাইনি, এক্সপোজ করতে চাইনি। যেহেতু ফাইনাল আমাদের খেলতে হবে। আবুল হাসানের প্রমাণ করার সুযোগ ছিল। ওকে বেশি ওভার দিতে চেয়েছি। মোস্তাফিজকে আনার কারণ ছিল তার ৪৯ উইকেটে ছিল। একটা উইকেট পেলে ৫০ হতো। ওর ইচ্ছাতেই ওকে এনেছি। না হলে হয়তো বা তাকেও আনতাম না। রুবেলকে তো করাইনি। ’




