বাদ পড়ছেন তাসকিন-সৌম্য!
মুশফিকের স্টাম্প উপড়ে মিরপুরে বুনো উল্লাসে মেতেছিলেন তাসকিন। শনিবার প্রস্তুতি ম্যাচে তার আগের বলেই ফেরান সাকিবকে। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। হ্যাটট্রিকটা হলেও যে টাইগার পেসারের খুব একটা লাভ হত তেমনও নয়! প্রস্তুতি ম্যাচের আগেই তাসকিনের নাম উঠে গেছে বিসিএলের দল ওয়ালটন সেন্ট্রাল জোনের ১৪ সদস্যের স্কোয়াডে!
আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজে ডানহাতি পেসার তাসকিন যে থাকছেন না, বিসিএলের দলে নাম থাকাতে সেটি এখন অনেকটাই নিশ্চিত!
৯ জানুয়ারি শুরু বিসিএল। তাসকিনদের ম্যাচ সিলেটে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোনের বিপক্ষে।
অন্যদিকে জাতীয় দলের নিয়মিত ওপেনার সৌম্য সরকারের বাদ পড়ার সম্ভাবনাও প্রবল। তাকেও ১৪ সদস্যের দলে রেখেছে বিসিএলের আরেক দল প্রাইম ব্যাংক সাউথ জোন। ৯ জানুয়ারি বিকেএসপিতে সাউথদের ম্যাচ, ইস্ট জোনের বিপক্ষে।
সৌম্যর জায়গায় দলে ঢুকতে পারেন এনামুল হক বিজয়। ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন এ ডানহাতি ওপেনার। তারপর আর ফেরা হয়নি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শনিবার সন্ধ্যায় জানালেন, ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হবে রোববার। বিসিবি সভাপতির অনুমোদন পেলেই তা প্রকাশ করা হবে সংবাদমাধ্যমের কাছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত যদি না বদলায়, তাহলে ওয়ানডে দল থেকে আপাতত দূরেই থাকবেন তাসকিন-সৌম্য। ভাগ্য খুলবে বিজয়ের।




