বর্জ্য প্লাস্টিক থেকে মিলবে ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ হাইড্রোজেন জ্বালানি
মনির হোসেন।। প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। অন্যদিকে পরিচ্ছন্ন জ্বালানির চাহিদাও বাড়ছে বিশ্বজুড়ে। এই দুই সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের উদ্ভাবিত পদ্ধতিতে মানুষের ফেলে দেওয়া মিশ্র প্লাস্টিক বর্জ্য বাছাই ছাড়াই তা থেকে ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করা সম্ভব হয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী পিএনএএসে।
গবেষণাটি পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের গবেষকেরা। তাঁদের উদ্ভাবিত নতুন পদ্ধতিতে বর্জ্য প্লাস্টিক থেকে হাইড্রোজেন উৎপাদনের পাশাপাশি প্লাস্টিক পুনর্ব্যবহারের জটিল প্রক্রিয়াও সহজ করার সম্ভাবনা তৈরি হয়েছে।
গবেষকদের তথ্যমতে, নতুন এই উদ্ভাবনে অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট বা এটিটি নামের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে সামুদ্রিক শৈবাল থেকে হাইড্রোজেন উৎপাদনের জন্য এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল। নতুন গবেষণায় পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি), পলিইথিলিন (পিই) এবং পলিপ্রোপিলিনের (পিপি) মতো বহুল ব্যবহৃত বিভিন্ন ধরনের মিশ্র প্লাস্টিক বর্জ্য নিয়ে পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় সোডিয়াম হাইড্রোক্সাইড ও তাপ প্রয়োগ করে কোনো ধরনের প্লাস্টিক বাছাই ছাড়াই ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে সক্ষম হন গবেষকেরা।
প্লাস্টিক পুনর্ব্যবহারের ক্ষেত্রে বর্জ্য আলাদা করা একটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। বর্তমানে বিশ্বে উৎপাদিত মোট প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার করা সম্ভব হয়। গবেষকদের দাবি, নতুন এই প্রযুক্তি প্লাস্টিক বাছাইয়ের জটিলতা দূর করে পুনর্ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার আ-হিউং পার্ক বলেন, ‘আমরা একই সঙ্গে দুটি জরুরি বৈশ্বিক সমস্যার সমাধান করছি। প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে জমা হচ্ছে। অন্যদিকে জ্বালানি থেকে কার্বন দূর করতে পরিচ্ছন্ন হাইড্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রযুক্তি একটি সৃজনশীল এবং কার্যকর উপায়ে উভয় চ্যালেঞ্জের মোকাবিলা করে।’
গবেষকদের মতে, প্রচলিত হাইড্রোজেন উৎপাদন পদ্ধতির তুলনায় নতুন এই প্রযুক্তিতে দুটি বড় সুবিধা রয়েছে। প্রথমত, প্রচলিত পদ্ধতির তুলনায় এতে ৩০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা প্রয়োজন হয়। দ্বিতীয়ত, উৎপাদন প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি কার্বনের প্রায় ৭৫ শতাংশ বাতাসে ছড়িয়ে না পড়ে কঠিন পদার্থ হিসেবে আটকে রাখা সম্ভব।
গবেষকেরা জানিয়েছেন, সরাসরি কার্বন ডাই-অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমানোর এই সক্ষমতা প্রমাণ করে যে, অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তিতে হাইড্রোজেন উৎপাদন প্রচলিত প্রক্রিয়ার তুলনায় পরিবেশবান্ধব হতে পারে।
প্লাস্টিক থেকে সহজে হাইড্রোজেন উৎপাদনের জন্য পিই ও পিপি প্লাস্টিককে পরীক্ষার আগে গরম ও অক্সিডাইজড করা হয়েছিল। সাধারণত এসব প্লাস্টিক সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। তবে প্রাথমিক রাসায়নিক প্রক্রিয়াকরণের ফলে সেগুলো সহজেই বিক্রিয়ায় অংশ নিতে সক্ষম হয়।
দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট উ-জায়ে কিম বলেন, ‘বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্লাস্টিক বাছাইয়ের খরচ এবং প্রক্রিয়ার জটিলতা বড় বাধা ছিল। অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তি সেই বাধা দূর করেছে।’
বোতল, প্লাস্টিকের ব্যাগ, স্ট্র ও বিভিন্ন পাত্র তৈরিতে ব্যবহৃত খনিজ তেলভিত্তিক প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করতে হয়, যার ফলে প্রচুর কার্বন নিঃসরণ ঘটে। গবেষকদের উদ্ভাবিত নতুন পদ্ধতি বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়লে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: সায়েন্স অ্যালার্ট








