২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও প্রধান নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ৩৪৩ জন ভোট দেন এবং ছয়জন ভোট দিতে পারেননি। ব্যবহৃত ৩৪৩টি ব্যালটের সবগুলোই বৈধ ঘোষণা করা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদের চেয়ে ২৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। সিইসি জানান, ভোটগ্রহণের সময় ভুল-ত্রুটির কারণে চারটি ব্যালট পেপার পরিবর্তন করা হয়। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালার ১০ নম্বর বিধি অনুযায়ী এসব ব্যালট প্রতিস্থাপন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। পরে সিইসি দুই প্রার্থীর নাম ঘোষণা করে ভোটগ্রহণের নিয়মাবলি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। সংসদ সদস্যদের আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয় এবং তারা নিজ নিজ আসনে বসে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন।
প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। পরে অন্যান্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খোলা হয় এবং প্রকাশ্যে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ৩৫ বছর পর আবার সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করা হবে। নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।









