ইরানে হিজাববিরোধী বিক্ষোভকারীকে ফাঁসি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হিজাববিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশটির বিচারবিভাগীয় ওয়েবসাইট মিজান এ তথ্য জানায়।
২০২২ সালে মাহসা আমিনি নামের তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ার পর সারা ইরানে হিজাববিরোধী আন্দোলন শুরু হয়। নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর ছড়িয়ে পড়া বিক্ষোভে শতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহরান বাহরামিয়ান ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহানের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যদের গাড়িতে গুলি চালান। এতে মোহসিন রেজাই নামের এক কর্মকর্তা নিহত ও কয়েকজন আহত হন। এ অভিযোগে আজ সকালে তার দণ্ড কার্যকর হয়।
এর মাধ্যমে হিজাববিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অন্তত ১০ জনকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডে ঝুলিয়েছে ইরান।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাদের আরেক ভাই মোরাদ নিহত হন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইরানের নিরাপত্তা বাহিনী প্রায়ই মারধর, দীর্ঘদিন ধরে একাকী আটক, আহতদের ভয়ভীতি এবং পরিবারকে হুমকি দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে সেই স্বীকারোক্তিকেই আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।
সূত্র: রয়টার্স




