370541

মার্কিন বাণিজ্যমন্ত্রী: ‘ভারত শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করে আগামী এক–দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে—এমন দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তার মতে, এরপরই ভারত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমি মনে করি খুব শিগগিরই ভারত আলোচনায় আসবে। তারা ক্ষমা চাইবে এবং চুক্তির চেষ্টা করবে।”

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে আমেরিকায় পণ্য রপ্তানিতে ভারতকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে মন্তব্য করেছিলেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়েছি। তবে আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।”

এর পরদিনই ভারত নিয়ে সরব হন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারত এখন শক্তি দেখাচ্ছে। কিন্তু দিনশেষে সবচেয়ে বড় ক্রেতার সঙ্গে সম্পর্ক বজায় রাখা ছাড়া তাদের উপায় থাকবে না। নিজেদের স্বার্থেই তারা যুক্তরাষ্ট্রের দিকে ফিরবে।”

এছাড়া তিনি ভারতকে লক্ষ্য করে আরও বলেন, “যদি সত্যিই রাশিয়া ও চীনের সঙ্গে জোট বাঁধতে চায়, তবে বাঁধুক। কিন্তু যদি না পারে, তবে ডলার ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে। নইলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এরপর দেখা যাবে এই লড়াই কতটা টেকে।”

সূত্র: ব্লুমবার্গ

ad

পাঠকের মতামত