সিরি ‘আ’ অভিষেকেই রেকর্ড মদরিচের
টানা ১৩ মৌসুম কাটানোর পর গ্রীষ্মের দলবদলে সাফল্যের ঝুড়ি হাতে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মদরিচ। গতকাল প্রথমবারের মতো সিরি ‘আ’তে অভিষেকও হয়েছে তাঁর।
ক্রেমোনেসের বিপক্ষে এসি মিলানের ২-১ গোলে হারা ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মদরিচ। দলকে জেতাতে না পারলেও অভিষেকেই গড়েছেন ইতিহাস। সিরি ‘আ’তে এখন সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়া ফুটবলার এই ক্রোয়াট তারকা।
গতকাল ক্রেমোনেসের বিপক্ষে মাঠে নামার সময় মদরিচের বয়স ছিল ৩৯ বছর ১১ মাস। সিরি ‘আ’তে এর চেয়ে বেশি বয়সে অভিষেক হয়নি আর কোনো ফুটবলারের। এর আগে সবচেয়ে বেশি বয়সে লিগে অভিষেক হয়েছিল এম্পোলির গোলকিপার মাওরিসিউ পুগলিয়েসির।
পুগলিয়েসি। এত দিন পর্যন্ত তিনিই ছিলেন সিরি আতে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্ত ফুটবলার। সেই রেকর্ডকে গতকাল রাতে ভেঙেছেন মদরিচ।

হারের পর দলের সঙ্গে মদরিচ এএফপি
নিজের অভিষেকে ৭৪ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মদরিচ। ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমবের রেটিং বিবেচনায় মিলানের তৃতীয় সেরা খেলোয়াড়ও তিনি। ম্যাচে ৭.৬ রেটিং পেয়েছেন মদরিচ। অন্যদের মধ্যে ৭.৮ করে রেটিং পেয়েছেন স্ত্রাহিনা পাভলোভিচ এবং অ্যালেক্সিস সালেমাকার্স।
এদিকে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করায় দলের পারফরম্যান্সে হতাশ মিলান কোচ মাসিসলিয়ানো আলেগ্রি। তিনি বলেছেন, ‘যদি আমরা পারফরম্যান্স দেখি, আমরা আটটি শট নিয়েছি। কিন্তু আমরা জয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমাদের আক্রমণ ও রক্ষণ সেই মানের ছিল না। আমরা এমন দুটি গোল হজম করেছি, যেগুলো আরেকটু মনোযোগ দিয়ে খেললে সহজেই প্রতিরোধ করা যেত। যদি একটু বেশি মনোযোগ দিতাম।’
দ্রুত নিজেদের পারফরম্যান্সের উন্নতির তাগিদ দিয়ে তিনি আরও বলেছেন, ‘এটা মাত্র প্রথম ম্যাচ, আমাদের এই ছোট ছোট বিষয়ে কাজ করার সময় আছে। কিন্তু আমাদের সবাইকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। কারণ, আমরা এমন সহজ গোল বারবার হজম করতে পারি না।’




