370061

বুসান চলচ্চিত্র উৎসব ২০২৫: উদীয়মান পাঁচ কোরিয়ান নারী নির্মাতা ও তাদের অনুপ্রেরণার চলচ্চিত্র

 ‍সাকিল হাসান।। দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF) এবছর তার ৩০তম বর্ষপূর্তি উদযাপন করছে। এই উপলক্ষে উৎসবের প্রোগ্রামে যুক্ত হয়েছে একাধিক নতুন বিভাগ। তার মধ্যে সবচেয়ে আলোচ্য নতুন সেকশন হলো “A Little History of Our Own, ‘Take Care of Our Future!’”, যেখানে আলোকপাত করা হয়েছে পাঁচজন উদীয়মান কোরিয়ান নারী নির্মাতা এবং তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করা চলচ্চিত্রগুলোর ওপর।

এই পাঁচ নির্মাতা হলেন: কিম সে-ইন, কিম চো-হি, ইউন গা-ইউন, ইউন দান-বি এবং লিম ও-জং

প্রতিটি নির্মাতা এমন একটি চলচ্চিত্র প্রদর্শন করবেন, যা তাদের শিল্পীসত্ত্বার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রদর্শনী শেষে তারা মঞ্চে উঠবেন সেই চলচ্চিত্রের পরিচালককে সঙ্গে নিয়ে—যেখানে থাকবে একটি সরাসরি আলোচনা, যা দর্শকদের জন্য উন্মোচন করবে দুই প্রজন্মের নির্মাতাদের চিন্তাধারা ও অভিজ্ঞতা।

১. কিম সে-ইন

জন্ম: ১৯৯২। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র “The Apartment with Two Women” (২০২১)—একটি টানটান পারিবারিক নাটক, যেখানে তুলে ধরা হয়েছে এক কিশোরী ও তার মায়ের মধ্যে জটিল সম্পর্ক।
কিম সে-ইনের পছন্দ “Memento Mori” (১৯৯৯)—কোরিয়ান কুইয়ার সিনেমার পথপ্রদর্শক এই হরর ফিল্মে দেখানো হয়েছে দুই স্কুলছাত্রীর সমকামী সম্পর্ক, যা সমাজের ট্যাবুর বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছিল।

২. কিম চো-হি

ফরাসি বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম থিওরিতে মাস্টার্স করা কিম চো-হি, দীর্ঘদিন হং স্যাং-সুর সহকারী হিসেবে কাজ করেছেন। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র “Lucky Chan-sil” (২০১৯) আত্মজৈবনিক রূপে এক প্রযোজকের জীবন তুলে ধরে।
তার নির্বাচিত চলচ্চিত্র “Waikiki Brothers” (২০০১)—ইম সুন-রাই পরিচালিত এই ছবি কোরিয়ান নিউ ওয়েভ সিনেমার অন্যতম রত্ন, যেখানে এক ব্যর্থ ব্যান্ড দলের গল্পের মাধ্যমে ফুটে ওঠে স্বপ্নভঙ্গ ও জীবনের অনিশ্চয়তা।

৩. ইউন গা-ইউন

শিশুদের দৃষ্টিকোণ থেকে জীবনের জটিলতা তুলে ধরার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “The World of Us” (২০১৬)
তার পছন্দ “Art Museum by the Zoo” (১৯৯৮)—লি জিয়ং-হায়াং পরিচালিত একটি রোমান্টিক কমেডি, যেখানে কল্পনার প্রেমের গল্প একসময় বাস্তবে রূপ নেয়। ছবিটি তরুণ প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত।

৪. ইউন দান-বি

তার প্রথম ফিচার “Moving On” (২০১৯) বুসান উৎসবে চারটি পুরস্কার জেতে এবং বেক্সাং অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ নবীন পরিচালক হিসেবে স্বীকৃতি পায়। ছবিটি এক পরিবারের তিন প্রজন্মের জীবনযাত্রা তুলে ধরে।
তার অনুপ্রেরণার চলচ্চিত্র “Jealousy is My Middle Name” (২০০৩)—পার্ক চান-ওক পরিচালিত এই সিনেমা পুরুষতান্ত্রিক অসুরক্ষা এবং নারীদের বাস্তববাদী অবস্থান নিয়ে এক তীক্ষ্ণ বিশ্লেষণ।

৫. লিম ও-জং

কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফিল্মমেকিংয়ে পড়াশোনা করে হং স্যাং-সুর সঙ্গে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তার পরিচালিত “Hail to Hell” (২০২৩)-এ দুটি স্কুলছাত্রী আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়ে তাদের বুলির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, কিন্তু গল্পে বাঁক আসে যখন তারা দেখতে পায় মেয়েটি একটি ধর্মীয় গোষ্ঠীতে আশ্রয় নিয়েছে।
তার অনুপ্রেরণা “Take Care of My Cat” (২০০১)—জং জে-ইউন পরিচালিত এই ছবি পাঁচ কিশোরীর কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের জটিলতা ও বন্ধুত্বের বিবর্তন তুলে ধরে।

এই বিশেষ প্রদর্শনী ও আলোচনা চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের মাঝে এক আন্তরিক সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। উৎস: সাউথ চায়না মরনিং পোষ্ট।

ad

পাঠকের মতামত