370059

বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত দুটি বাংলাদেশি চলচ্চিত্র

নুর হোসেন রাড়ী।।  দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (BIFF) একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এশিয়ান প্রজেক্ট মার্কেট (APM), যা বিশ্বব্যাপী খ্যাতিমান প্রযোজক, সহ-প্রযোজক ও পরিবেশকদের সঙ্গে চলচ্চিত্র নির্মাতাদের সংযোগ স্থাপনে মুখ্য ভূমিকা রাখে। আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানকারী এই প্ল্যাটফর্মটি এখন এশিয়ার অন্যতম বৃহৎ চলচ্চিত্র বাজারে পরিণত হয়েছে এবং উদীয়মান নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এ বছর মোট ৩০টি চলচ্চিত্র প্রকল্প এপিএম-এর জন্য নির্বাচিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে দুটি চলচ্চিত্র“দ্য ম্যাজিকাল মেন” (নির্মাতা: বিপ্লব সরকার) এবং “সাইলেন্স অব দ্য লুমস” (নির্মাতা: মির্জা সাবনাম ফেরদৌসী)।
“দ্য ম্যাজিকাল মেন” সিনেমাটি বিপ্লব সরকার নিজেই সহ-প্রযোজনা করছেন, তাঁর সঙ্গে আছেন সিঙ্গাপুর, ফ্রান্স এবং ভারতের প্রযোজকেরা। অপরদিকে, “সাইলেন্স অব দ্য লুমস” সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের রাজীব মাহাজন

২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে বিপ্লব সরকারের চলচ্চিত্র “আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার” প্রদর্শিত হয়েছিল। “দ্য ম্যাজিকাল মেন” চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও এই প্ল্যাটফর্মে ফিরেছেন। নতুন প্রকল্প নিয়ে তিনি বলেন,

“ছবিটি এখনো প্রাথমিক উন্নয়নধাপে রয়েছে। আমার সঙ্গে আরও তিনটি দেশের তিনজন প্রযোজক যুক্ত হয়েছেন। এপিএম-এ আমরা আর্থিক সহায়তার সুযোগ অনুসন্ধান করব। যেহেতু প্রকল্পটি এখনো শুরু পর্যায়ে, তাই গল্প সম্পর্কে বিস্তারিত বলা এই মুহূর্তে ঠিক হবে না।”

অন্যদিকে “সাইলেন্স অব দ্য লুমস” প্রসঙ্গে প্রযোজক রাজীব মাহাজন বলেন,

“আমাদের চলচ্চিত্র এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হওয়া অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা এখন প্রয়োজনীয় সহায়তা খুঁজছি যাতে ছবির মান বজায় রাখা যায়। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি, তাই বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।”

এশিয়ান প্রজেক্ট মার্কেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর রেকর্ডসংখ্যক ৪৫৫টি জমা পড়া প্রকল্পের মধ্য থেকে এই ৩০টি নির্বাচন করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। নির্বাচিত প্রকল্পগুলোতে উঠে এসেছে সামাজিক বৈষম্য, পারিবারিক সম্পর্ক, LGBTQ ইস্যু, লিঙ্গ, যুদ্ধ ও সীমান্ত সংঘাতের মতো বৈচিত্র্যময় থিম।

উল্লেখযোগ্যভাবে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-ও এ বছর APM-এ একজন প্রযোজক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তার প্রযোজিত চলচ্চিত্র “ডিফিকাল্ট ডটার্স”, যা পরিচালনা করছেন তার মা সোনি রাজদান, এ বছর ভারতের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে।

এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেট অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর, বুসানের এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে

ad

পাঠকের মতামত