মেসি কি আজ খেলবেন
খেলাধূলা ডেস্ক।। প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়ে তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুটি ম্যাচ। তবে আজ চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা। অনুশীলনে নামলেও আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবেন কিনা পিএসজির তারকা তা এখনো নিশ্চিত নয়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের ঘরের মাঠে ম্যানসিটির মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে মেসিকে দলে রাখা হলে নিজের পুরনো গুরু পেপ গার্দিওলার মুখোমুখি হয়ে যাবেন তিনি।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, সোমবারের অনুশীলনের পর আর্জেন্টাইন তারকা মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত সোমবার অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচে ৭৬ মিনিটের সময় তুলে নেওয়া হয়েছিল মেসিকে। ম্যাচ শেষে কোচ মারিসিও পচেত্তিনো জানিয়েছিলেন ইনজুরি শঙ্কার কথা। সেই হাঁটুর চোটের কারণে মেইঞ্জ ও মঁপলিয়ের বিপক্ষে মেসিকে পায়নি পিএসজি।
রবিবার দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন আর্জেন্টাইন জাদুকর। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। অবশ্য তাকে ম্যানসিটির বিপক্ষে মাঠে নামানো হবে কিনা, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পিএসজি। গতকালের (সোমবার) অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন পচেত্তিনো। তখনই জানা যাবে মেসির মাঠে ফেরার দিনক্ষণ। এখনো এটি পুরোপুরি নিশ্চিত নয়। মেসি ছাড়াও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। আজ তার মাঠে নামা অনেকটাই নিশ্চিত।
চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি। ১৫ মিনিটে হেরেরার গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। তবে বিরতির আগে ভেনাকেনের গোলে সমতায় ফেরে ব্রুগ। এর পর আর গোলের দেখা মেলেনি পিএসজির। ম্যাচে মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়েই আক্রমণ ভাগ সাজিয়েছিলেন কোচ। তবে সাফল্যের দেখা মেলেনি। এ ম্যাচেও মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়েই আক্রমণ ভাগ সাজাতে চান পচেত্তিনো। তবে ভিন্ন ফলের আশা করছেন তিনি। এই ম্যাচে জয় নিয়ে এগিয়ে যেতে চান তিনি। অন্যদিকে প্রথম ম্যাচে লিপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে গার্দিওলার দল।
পিএসজিতে যোগ দেওয়ার আগে গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মেসি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফ্রান্সেই পাড়ি জমিয়েছেন সময়ে অন্যতম সেরা ফুটবলার।
এখনো পিএসজিতে মেসি, নেইমার, এমবাপ্পের রসায়ন আশানুরূপভাবে উপভোগ করতে পারেনি ফুটবলপ্রেমীরা। পিএসজির এই আক্রমণ ত্রয়ীকে অন্যতম শক্তিশালী আক্রমণ ত্রয়ী ধরা হচ্ছে। আজ ম্যাচে সবাই চাইবেন এই আক্রমণ ত্রয়ীর কাছ থেকে দারুণ কিছু। তবে তার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকেই।
পিএসজি ছাড়াও আজ মাঠে নামবে লা লিগার দুই দল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শেরিফ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ এসি মিলান। এ ছাড়া শাখতারের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান।




