361589

জয়ার সিনেমায় প্রেক্ষাগৃহে ঢুকতে দেওয়া হলো না অভিনেতাকে!

বিনোদন ডেস্ক।। গেল শুক্রবার কলকাতার একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋত্বিক ও জয়া আহসানের সিনেমা ‘বিনিসুতোয়’। মাত্র একটি হলে মুক্তি পেলেও সিনেমাটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রের স্তূতিতে মেতেছে ওপার বাংলা।

জয়া সেখানে যেতে না পারলেও দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার ওয়াদা করেছিলেন ঋত্বিক। আনন্দ ভাগাভাগি করতেই তার সেখানে যাওয়ার সিদ্ধান্ত। তবে সে আনন্দ হয়ইনি। বরং সেটা পরিণত হলো বিষাদে।

কলকাতার বিখ্যাত এই মাল্টিপ্রেক্ষাগৃহ প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো ঋত্বিককে! গতকাল রাতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই অভিনেতা নিজেই। তিনি জানান, গতকাল দুপুর তিনটার ওই শো- তে উপস্থিত ছিলেন তিনি।

অবশ্য এর আগেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছিলেন, ‌‌‘আজ নন্দন যাব। শো শেষে আমাদের দেখা হতে পারে…’। কিন্তু শো ভাঙার পর আর দেখা যায়নি অভিনেতাকে। এ নিয়ে ভক্তদের একটু অভিমান হয়েছিল ঠিকই। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা রাতেই জানালেন অপ্রীতিকর ঘটনাটি।

ঋত্বিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘দুঃখিত। নন্দনে ঠিক সময়ে পৌঁছেও আপনাদের সঙ্গে দেখা করতে পারলাম না। কোভিড স্বাস্থ্যবিধির কারণে বর্তমানে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখোপাধ্যায় কী সব নিয়ম উল্লেখ করে আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না। আর পুরোটাই তিনি পুলিশি নিয়ম বোঝালেন আমাদের। অথচ ভেতরে আমাদেরই ছবি চলছে! সেই কথা বোঝানোর চেষ্টা করেও লাভ হলো না। আসলে আমরা দর্শকদের সঙ্গে একটু কথা বলতে বাইরে গিয়েছিলাম।’

সঙ্গে চটেছেন গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রতিও। বলেন, ‘তিনি ওই কাজের উপযুক্ত কিনা জানি না। কিন্তু তিনি যে অতি অভদ্র তা দেখতেই পেলাম’।

এদিকে, সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পত্রিকা আনন্দবাজার একটি রিভিউ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশি অভিনেত্রী জয়াকে ‘অনুকরণীয়’ বলে মন্তব্য করা হয়।

তাদের ভাষ্য এমন, ‘কাজলের চরিত্রে ঋত্বিক নিপুণ। শ্রাবণীর ভূমিকায় জয়া অনুকরণীয়। ভারী সুন্দর লেগেছে তাদের জুটিকে।’ শুধু অভিনয়ই নয়, জয়ার গানের কণ্ঠের প্রশংসাও করেছে তারা। যা সিনেমার বাড়তি পাওনা বলে উল্লেখ করে রিভিউতে লেখা হয়েছে, ‘ছবির বাড়তি পাওনা, জয়ার সুললিত কণ্ঠে রবীন্দ্রসংগীত “সুখের মাঝে তোমায় দেখেছি”।’

সিনেমার প্রশংসা করে আরও লেখা হয়, ‘নিস্তরঙ্গ জীবন, মায়ার সংসার আর বিচিত্র মন! তিনটি বিষয়কে এক সুতোয় জুড়ে দিলে তৈরি হয় “গল্প”। সেটিই হলো “বিনিসুতোয়”। ছবির প্রথম দৃশ্যের বিশালকায় গাছ থেকে রোদে নিকানো বারান্দায় একটি কমলালেবু, বৃষ্টির শোভা দেখতে মগ্ন শ্রাবণী থেকে দোকানের আরশিতে ধরা শ্রাবণী… ক্যামেরা এ ছবির একটি চরিত্র।’

‘বিনিসুতোয়’ পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। ‘বিনিসুতোয়’র গল্প মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজলকে ঘিরে। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়ালিটি গেম শোয়ের অডিশনে। এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

 

ad

পাঠকের মতামত