মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’
বিনোদন ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতের আপত্তির মুখে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও কুয়েত।
কেন তাদের আপত্তি? আপত্তির মূল কারণ হিসেবে দেখানো হয়েছে, ১৯৮৪ সালের ২৪ আগস্ট ঘটে যাওয়া উড়োজাহাজ হাইজ্যাকের (আইসিসি ৬৯১ ফ্লাইট) একটি সত্য ঘটনা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। তাতে দেখানো হয়েছে সন্ত্রাসীরা উড়োজাহাজটিকে পাকিস্তানের লাহোর থেকে নিয়ে যায় দুবাইতে।
দুবাই কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখতুম নিজে ওই পরিস্থিতির দেখভাল করেছিলেন। তার নেতৃত্বেই আরব আমিরাতের কর্মকর্তারা সন্ত্রাসীদের আটক করে।
কিন্তু ছবিটিতে ভারতীয় কর্মকর্তাদেরকেই হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। হিরো হওয়ার এই চরিত্রটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। দুবাইয়ের প্রতিরক্ষামন্ত্রীকে একেবারে আড়ালেই রাখা হয়েছে পুরো ছবিতে। কাহিনীতে অতিরঞ্জন ও ‘ভুল তথ্য’ তুলে ধরার কারণ দেখিয়েই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে ওই তিন দেশে। তবে বলিউড হাঙ্গামা সূত্র জানিয়েছে, বাকিরা নিষিদ্ধ করলেও খোদ আরব আমিরাত কর্তৃপক্ষ ছবির সম্প্রচারে বাধা না-ও দিতে পারে।
ছবিটি ১৯ আগস্ট মুক্তি পেয়েছে। অনেকের ধারণা ছিল এই ছবিটি অক্ষয় কুমারের ক্যারিয়ার ঘুরিয়ে দেবে। কিন্তু প্রথম দিন ছবিটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় দিন টিকিট বিক্রি কমে যায়। এতে হতাশ হয়ে পড়েছিলেন অক্ষয়। তিনি ভেবেছিলেন নায়ক হিসেবে তাকে হয়তো ইতি টানতে হবে। সবাইকে চমকে দিয়ে রোববার থেকে ছবিটির ব্যবসা আবারও বাড়তে শুরু করেছে।
তার আগে ছবিটির ট্রেলার মুক্তির সময় ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেছেন, ‘এই ছবিটি নিয়ে আমরা একটা রিস্ক নিয়েছি। চলতেও পারে, আবার নাও চলতে পারে। যদি জীবনে কোনো রিস্ক না নিতে পারি তাহলে জীবনে আর কি করলাম।’ ছবির টিকিট বিক্রি বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইতোমধ্যে নাইট শো চালু হয়েছে।’ অক্ষয় কুমার ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ভানি কাপুর, লারা দত্ত (ইন্দিরা গান্ধী), হুমা কোরেইশী, অঞ্জলী আনন্দ, মৌমিতা মৈত্র প্রমূখ।




