৪ স্ট্রোক জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের দাম কমবে
নিউজ ডেস্ক।। আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চার স্ট্রোক ইঞ্জিনচালিত মপড বা জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন। এর ফলে এই পণ্যটির দাম কমতে পারে।
এর আগে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
মপডের সম্পূরক শুল্ক প্রত্যাহার সম্পর্কে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মপড একটি জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল। এটি ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় সাশ্রয়ী মূল্য নিশ্চিত করার লক্ষ্যে মপড-এর শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি।
মপড বা জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের ওপর বর্তমানে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য রয়েছে।
উল্লেখ্য, ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ঘাটতি ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।




