ছেলের রেস্তোরাঁয় সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার, যা বললেন ওমর সানী
বিনোদন ডেস্ক।। রাজধানীর গুলশান ২’র ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় সিসা সেবনের সরঞ্জামসহ ১১ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
ওই রেস্তোরাঁর তিনজন মালিকের মধ্যে একজন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। গ্রেপ্তার ১১ জনকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়ক ওমর সানী দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘মন্টানা লাউঞ্জ মূলত খাবারের একটি রোস্তোরাঁ। এর মালিক আমার ছেলে ও তার দুই বন্ধু। এর ৯০ ভাগ শেয়ারই আমার ছেলের। এখানে কিছু সময় সিসা ‘সার্ভ’ করা হয়। তবে কোনো বেআইনি বা অবৈধ কিছু ঘটছিল না। আর যে ১১ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে তারা নেহায়েতই গরিব মানুষ, এখানে চাকরি করে খায়।’
তিনি আরও বলেন, ‘সিসার বিজনেস কি ইলিগ্যাল কোনো বিজনেস? আর গুলশানে কি শুধু এই একটাই লাউঞ্জ আছে? আমার জানা মতে, গুলশান-বনানীতে ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে। সিগারেট যদি অবৈধ না হলে, তাহলে সিসা লাউঞ্জ কেন অবৈধ হবে।
সারা বাংলাদেশে হাজার খানেকের উপর লাউঞ্জ আছে। গতকাল কেন শুধু “মন্টানা লাউঞ্জ”-এই অভিযান হলো। পুরো বাংলাদেশে যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি এই অভিযান হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের কাছে আমি এর বিচার চাইবো।’




