ভ্যাকসিন নিয়ে সুখবর মার্কিন কোম্পানির
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার মধ্যেই ভ্যাকসিন নিয়ে খুশির খবর দিল মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মর্ডানা আইএনসি, জনসন অ্যান্ড জনসন ও ফাইজার। শিগগির তাদের তৈরি করোনার টিকা বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিগুলো। এখন পর্যন্ত শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে মর্ডানা।
আগামী ক্রিসমাসের মধ্যেই যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন আসতে পারে। দেশটির ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিংহাম বলেছেন, ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে অন্তত ছয়টি কোম্পানি ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, এর মধ্যে দুটি কোম্পানি সর্বশেষ পর্যায়ে প্রবেশ করেছে।
করোনার সম্ভাব্য একটি টিকা তৈরিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি সিএসএল। চলতি মাসেই টিকা উৎপাদনে যাবে কোম্পানিটি। আগামী মার্চেই সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে শুরুতে প্রাধান্য দেয়া হবে চিকিৎসক ও বয়স্কদের।
ভারতে পরীক্ষার জন্য নতুন করে অনুমোদন পেয়েছে রাশিয়ার তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। ভারতীয় সংস্থা ডা. রেড্ডি’জ ল্যাবরেটরিজ লিমিটেড ওই পরীক্ষার অনুমোদন পেয়েছে। প্রথম পর্যায়ে একশ জনের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।




