342731

নাগরিকদের বছরে সাড়ে ৪২ লাখ টাকা করে দেবে কুয়েত সরকার

বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত। দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি তেল হলেও বিভিন্ন প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর দেশটি। সম্প্রতি দেশটির নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কুয়েতে কর্মরত এবং কর্মহীন প্রত্যেক নাগরিককে বার্ষিক ৫০ হাজার মার্কিন ডলার দেয়ার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

কুয়েত সরকার সবসময়ই তার নাগরিকদের স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক চাহিদা পূরণসহ নির্ধারিত পরিমাণ কর্মসংস্থান ভাতা সরবরাহ করে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতে তেলের আয় আগের যে কোনো সময়ের চেয়ে যেমন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশে বর্ধমান বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির সমস্যাও তৈরি হয়েছে।

কুয়েতের আরবি সংবাদপত্র আল-কাবাস জানিয়েছে, কুয়েতের অর্থনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ও সংস্থাগুলো দেশের সব নাগরিককে বছরে ৫০ হাজার মার্কিন ডলার দেয়ার জন্য কুয়েত সরকারকে প্রস্তাব দিয়েছে। অর্থনীতি ও আর্থিক বিষয়াদি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট কুয়েত ইমপ্যাক্টের অর্থনীতিবিদ আলী আল-সালেম সাম্প্রতিক একটি নিবন্ধে সরকারকে আরও নতুন কিছু পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আলী আল-সালেম সরকারকে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন, জনগণকে প্রণোদনা ও সুযোগ-সুবিধা প্রদান এবং সরকারি ব্যয় হ্রাস করার জন্য একাধিক প্রস্তাব দিয়েছেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি হল- কুয়েত সরকার যেন প্রতি বছর নাগরিকের জন্য ৫০ হাজার ডলার সরবরাহ করে। অবশ্য প্রস্তাবে এটিও উল্লেখ করা হয়েছে যে, যারা বছরে ৫০ হাজার ডলার পাবেন তারা আর কোনো সরকারি চাকরি পাবেন না। তবে চাইলে কোথাও প্রাইভেট চাকরি করতে পারবেন।

উল্লেখ্য, কুয়েতে বসবাসরত নাগরিকদের বেশিরভাগই বিদেশি মানুষ। বছরে ৫০ হাজার ডলার দেয়ার প্রস্তাবটি সেখানে বসবাসরত বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তা প্রস্তাবে স্পষ্ট করা হয়নি।

ad

পাঠকের মতামত