যে ছক্কা বাঁচিয়ে ক্রিকেটবিশ্বকে অবাক করলেন পুরান (ভিডিও)
স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে ছক্কার বৃষ্টি ঝরেছে আরব আমিরাতের মাঠে। রাজস্থান রয়্যালস ও কিংস এলেভেন পাঞ্জাব– দুদলেরই খেলোয়াড়রা বলকে ইচ্ছেমতো সীমানার বাইরে পাঠিয়েছেন। যে কারণে ক্রিকেটের ক্ষুদে সংস্করণের এ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৪৯ রান হয়েছে।
মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঞ্জাবের মায়াঙ্ক। ক্রিকেটপ্রেমীরা দেখেছেন পাঞ্জাব দলের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড। রাজস্থানের অধিনায়ক স্মিথও ২৭ বলে ৫০ রানের টর্নেডো ইনিংস উপহার দিয়েছেন। ছক্কার মার থেকে বাদ যাননি ইংলিশ গতি তারকা জোফরা আর্চারও।
তবে এমন সব মারমুখী ইনিংসকে ছাপিয়ে অবিশ্বাস্য উপভোগ্য ছিল যে বিষয়টি তা হলো– পাঞ্জাবের ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানের একটি অসাধারণ ফিল্ডিং। এমন ফিল্ডিং আর কখনও দেখেননি ক্রিকেটপ্রেমীরা। অসাধারণ এক প্রচেষ্টায় এমন এক ছয় বাঁচিয়েছেন পুরান, যা দেখে রীতিমতো বিস্মিত ক্রিকেটবিশ্ব।
ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার বলেছেন, নিজের জীবনে এমন ফিল্ডিং আগে কখনই দেখেননি তিনি। ঘটনাটি রাজস্থান ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় ডেলিভারির। মুরুগান অশ্বিনের শর্ট পিচ ডেলিভারিকে সজোরে পুল করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রাজস্থানের সাঞ্জু স্যামসন।
বল সীমানার ওপারে গিয়েই মাটি স্পর্শ করছিল, ঠিক তখনই বাজপাখির মতো উড়ে এসে সেটিকে প্রথমে ক্যাচ ধরেন পুরান। মুহূর্তেই তিনি অনুধাবন করেন ক্যাচ ধরলেও লাভ নেই। কারণ বলসহ তিনি নিজেই ছক্কায় পরিণত হচ্ছেন। দড়ির ওপারে ভাসমান থেকেই মুহূর্তের মধ্যে বলটিকে বাউন্ডারির ভেতরে ছুড়ে দেন।
এক সেকেন্ডেরও কম সময়ে একটি ছক্কাকে বাঁচিয়ে তা কেবল দৌড়ে রান নেয়ার বিষয়ে পরিণত করেন পুরান। এমন দুর্দান্ত ফিল্ডিং দেখে ধারাভাষ্য কক্ষে কেভিন পিটারসেন তৎক্ষণাৎ বলে ওঠেন– ‘আইপিএলে আমার দেখা এটিই সেরা ফিল্ডিং।’ পাশে বসা মাইকেল স্ল্যাটার যোগ করেন, ‘শুধু আইপিএল নয়, আমার দেখা সবসময়ের সেরা ফিল্ডিং এটিই।’
নিকোলাস পুরানের সেই ছক্কা বাঁচানোর ভিডিওটি দেখুন–
https://www.youtube.com/watch?v=JI7dh1IX220




