প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত আখাউড়ার পদ্ম বিল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির ধর্মনগর গ্রামের কালিবাড়ি পদ্ম বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া নানা রঙের পদ্ম। দূর থেকে দেখে মনে হয় যেন কেউ ফুলের বিছানা পেতে রেখেছে। আর এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু লোকজন এখানে ভিড় করছে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থীরা ছুটে আসছে।
বিকেল হলেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। ভ্রমণ পিপাসুরা যেন মাতিয়ে তোলেন পুরো এলাকা। নৌকায় ঘুরে বেড়ানো আর পদ্ম ফুল সঙ্গে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই।
আখাউড়া থেকে ৮ কিলোমিটার দূরে কালিবাড়ি পদ্ম বিলটি অবস্থিত। আজ থেকে প্রায় ১শ’ বছর আগ থেকে বর্ষাকালে এই বিলে প্রাকৃতিকভাবে পদ্ম ফুল জন্মে। এই কারণেই বিলটি পদ্ম বিল নামে বেশ পরিচিতি লাভ করেছে।
প্রায় ২শ’একর বিলে পানির উপর বিছানো সারি সারি সবুজ পাতা আর হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। মনে জাগে এক অন্য রকম প্রশান্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলে অসংখ্য দৃষ্টি নন্দন সাদা লাল গোলাপী পদ্ম ফুলের ছড়াছড়ি। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু পদ্ম আর পদ্ম। পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়ার পরপরই ভ্রমন পিপসু লোকজন আসতে শুরু করে। বিকেলে উপচেপড়া ভিড় দেখা যায়। এই বিলে আছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। দূর দূরান্ত থেকে আগত ভ্রমণপিপাসুরা নৌকায় করে পুরো বিল দেখার সুযোগ পান।
মো. শরীফুল ইসলাম নামে একজন জানান, তিনি তার নানার কাছ থেকে এই বিলের সৌন্দর্যের কথা জেনেছেন। সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন এখানে। ঢাকা থেকে আসা ব্যাংক কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, ফেসবুকের মাধ্যমে এই বিলের কথা জানতে পেরে তিনি তার স্ত্রী,পুত্রদের নিয়ে সৌন্দর্য উপভোগ করতে এসেছেন।
কলেজ ছাত্র ইশতিয়াক, কাজী রিপন, মো. সোহাগ বলেন, করোনাই দীর্ঘ দিন ধরে কলেজ বন্ধ। তাই বন্ধুদের নিয়ে পদ্ম বিলে চলে আসা। সত্যিই অসাধারণ এক দৃশ্য। ভবিষ্যতেও আসার পরিকল্পনা আছে আমাদের। কালিবাড়ি গ্রামের মো. জসিম উদ্দিন বলেন, আগে লোকজন তেমন আসতোনা। আজকাল প্রচুর মানুষের সমাগম হচ্ছে এখানে।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, পদ্ম বিল দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিনোদন প্রিয় লোকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বর্ষা মৌসুমে এ বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া পদ্মফুল এক দিকে যেমন বিলের সৌন্দর্য বৃদ্ধি করছে পাশাপাশি দর্শনার্থীদেরকেও মুগ্ধ করছে।




