336579

পিএসজি থেকে নেইমার প্রতিদিন আয় করেন ১ কোটি ৮৫ হাজার টাকা

স্পোর্টস ডেস্কঃ ইতিহাস থেকে মাত্র ৯০ মিনিট দূরে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিষ্ঠিত হওয়ার ৫০তম বর্ষে এসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নের ফাইনালে নাম লিখিয়েছে পিএসজি। এর আগে টানা চারবার শেষ আট ও টানা তিনবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ফরাসি এই ক্লাবটিকে।

এবার আর বিদায় নিতে হয়নি, শেষ আটে আটালান্টার বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ফেরার পর শেষ চারে লিপজিগকে উড়িয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নাম লেখায় পিএসজি। লিসবনে আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ফরাসি এই ক্লাবটি।

ফাইনালে আসার পেছনের অন্যতম কারিগর দলটির ত্রাতা ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইউরোপে রাজ করার জন্যই ২০১৭ সালে মালিক নাসের আল খেলাইফি রেকর্ড পরিমাণ (২২২ মিলিয়ন ইউরো) খরচ করে বার্সা থেকে প্যারিসে নিয়ে আসেন।

ইউরোপসেরা হওয়া থেকে মাত্র একধাপ দূরে আছে পিএসজি। নেইমার পারবেন কি না, তা বোঝা যাবেই আজ রাতেই। বর্তমানে এই ব্রাজিলিয়ান বিশ্বে সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকায় আছেন চার নম্বরে। আর ফুটবলারদের মধ্যে তৃতীয়। ফোর্বসের মতে, নেইমারের ওপরে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও রজার ফেদেরার।

পিএসজি থেকে বছরে ৩৬.৮ মিলিয়ন ইউরো পান নেইমার। এই হিসেবে প্রতি সেকেন্ডে নেইমার পান ১.১৬ ইউরো, মিনিটে ৭০ ইউরো, ঘণ্টায় ৪ হাজার ২০০ ইউরো, দিনে ১ লাখ ৮ হাজার ইউরো, সপ্তাহে ৭ লাখ ইউরো ও মাসে ৩.৭ মিলিয়ন ইউরো করে নেইমারের অক্যাউন্টে ঢোকে।

এক ইউরো সমান বাংলাদেশি ১০০ টাকা হলে প্রতি দিন নেইমার আয় করেন এক কোটি ৮৫ হাজার ৭০২ টাকা। নেইমারের পেছনে পিএসজির কাড়িকাড়ি টাকা ঢালার ফল এই মৌসুমে পাওয়া যাচ্ছে। এর আগে বারবার নকআউট থেকে বাদ হলেও এবার ফাইনালে নাম লিখিয়েছে দলটি।

নেইমার জানালেন, তিনি পিএসজিতে এসেছেন ইতিহাস তৈরি করতে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয় সবসময় বিশেষ কিছু। কিন্তু পিএসজির হয়ে জয় হবে ইতিহাসের একটি অংশ। আমি মূলত এখানে এসেছি ইতিহাস গরার জন্যই।’

নেইমার লিগ ওয়ানে এই মৌসুমে ১৫ ম্যাচে ১৭ গোল করেছেন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তিন গোলের সঙ্গে চারটি গোলে সহায়তা করেছেন। নেইমার জানান, দলের মালিকদের বড় ক্লাব নিয়ে বড় প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম ইউরোপের মধ্যে সেরা হওয়া। আর তারা এখন এটার কাছেই।

ad

পাঠকের মতামত