332682

১৮ হাজারে এক লাখ টাকার জাল নোট

নিউজ ডেস্ক।। ঈদুল আজহায়, বিশেষত গবাদি পশুর হাটে, জাল নোট ছড়িয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করছিল ১৮ থেকে ২০ হাজার টাকায়।

ঈদকে সামনে রেখে খুচরা জাল টাকার কারবারিরা সহজেই এসব টাকা বাজারে ছড়াতে পারে, তাই বিক্রিও বেড়েছিল। এজন্য টাকাও ছাপানো হচ্ছিল বেশি। গত সপ্তাহেও চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে জব্দ করা হয়েছে এক কোটি টাকার বেশি জাল নোট। এসময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর উপঅধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে।

বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল। চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে।’

অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রিফাত ও পলাশ। উৎস: ঢাকা টাইমস।

ad

পাঠকের মতামত