কোভিডের কারণে ৩ জুলাই থেকে বসছে ভার্চুয়াল পশুর হাট
নিউজ ডেস্ক।। সামনে কোরবানির ঈদ। কিন্তু কোভিডের কারণে গরুর হাটে যাওয়া নিরাপদ নয় বলে ভার্চুয়াল হাট বসছে ‘খামার-ই’ নামে। ওয়েবপেজ অথবা ফেসবুক যেকোনো মাধ্যমে ঘরে বসেই কোরবানির পশু কিনতে পারবেন রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অধিবাসীরা। এ পশুর হাট বসছে আগামী ৩ জুলাই থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন অনলাইন কনজুমার ফোরামের সেক্রেটারি জাভেদ খান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা চারজন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আবিয়াদ, শাহরুখ হোসাইন, হামিদ হাসান ও দীপ্ত সাহা মিলে আয়োজন করেছেন ভার্চুয়াল এই হাটের।
যেখানে অনলাইনে একসঙ্গে মিলিত হবেন কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা। বিক্রেতা গরু, ছাগল বা কোরবানি উপযুক্ত পশুর স্থিরচিত্র বা ভিডিও দেখাবেন। গরুর দাম, বয়স, ওজন, কয়টা দাঁত রয়েছে, কোথা থেকে আনা হয়েছে, এমন সব তথ্য দিয়ে দেবেন এখানে। ভার্চুয়াল এই হাটে গিয়ে ক্রেতা যেভাবে গরু যাচাই-বাছাই করে থাকেন, ঠিক সেভাবেই দেখা যাবে।
পছন্দ হলে ক্রেতা গরু কিনে নিতে পারবেন। দাম ক্রেডিট বা ডেবিট কার্ডে পরিশোধ করা যাবে। ক্রেতা যেখানে চাইবেন, সেখানেই গরু পাঠিয়ে দেওয়া হবে। এ ভার্চুয়াল গরুর হাটের অপারেশনলিড হচ্ছেন হামিদ হাসান আলভি।






