328424

মানব শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে নতুন ধান আবিষ্কার

নিউজ ডেস্ক।। উচ্চ প্রোটিন সমৃদ্ধ ওই ‘সিআর ৩১০’ নামে ধানটি ভারতেই প্রথম আবিষ্কার বলে দাবি করেছেন ভারতের উড়িষ্যা রাজ্যের ‘জাতীয় ধান্য গবেষণা কেন্দ্রে’র বিজ্ঞানীরা। বর্তমান।

গবেষণা সংস্থাটির কর্মকর্তা ডক্টর দীপঙ্কর মাইতি জানিয়েছেন, উড়িষ্যার ‘নবীন’ নামে একটি ধানের জাতের সঙ্গে আসাম থেকে সংগৃহীত ‘এআরসি ১০০৭৫’ জাতের ধানের শংকরায়ণ ঘটিয়ে ‘সিআর ৩১০’ নামে নতুন প্রজাতির ধান তৈরি করা হয়েছে। ২০১৪ সালে জাতীয় ধান গবেষণা কেন্দ্রের খামারে প্রথম পরীক্ষামূলকভাবে ধানটির চাষ করা হয়।

গবেষণায় আরও দেখা যায়, এরমধ্যে প্রোটিনের পরিমাণ আছে ১০ দশমিক ৩ শতাংশ। এত বেশি প্রোটিন থাকার কারণে এ ধানের চাল থেকে তৈরি ভাত সাধারণের পাশাপাশি দুস্থ ও গরিব মানুষরা খেতে পারেন। যাদের দুধ, ডিম, মাছ, মাংস কেনার ক্ষমতা নেই। শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে পারবে এ ধানের চালের ভাত খেয়ে। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়েছে ভারতের যেখানে ধান চাষযোগ্য জমি আছে সেসব রাজ্যেই এ ধান চাষ করা হোক।

এ নিয়ে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ যে ধানের কথা বলা হচ্ছে সেটি আমাদের রাজ্যের বিজ্ঞানীরা খতিয়ে দেখবেন। তারপর সেই ধান যদি আমাদের রাজ্যের জন্য অনুকূল হয় তা গ্রহণ করতে বাধা নেই।

এ বিষয়ে রাজ্যের কৃষি অধিকর্তা সম্পদরঞ্জন পাত্র বলেন, সবদিক খতিয়ে দেখেই তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

কলকাতার নিউট্রিশিয়ানিস্ট শর্মিষ্ঠা ঘোষ বলেন, নিত্যদিনের আমাদের খাদ্যের যে তালিকা থাকে তাতে শতকরা ৩০ থেকে ৩৫ শতাংশ প্রোটিন রাখা উচিত। প্রোটিন ও জিঙ্ক সঠিক মাত্রায় শরীরে প্রয়োগ হলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে এ রকম চাল যদি সত্যিই বাজারে আসে তাহলে গরিব কেন সবারই উপকার হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

ad

পাঠকের মতামত