‘সীমিত আকারে’ রাজধানীতে চলছে গণপরিবহন
নিউজ ডেস্ক।। দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অর্ধেক আসন খালি রাখার শর্তে আজ সোমবার থেকে দেশের অন্যান্য জায়গার মতো রাজধানীতেও ‘সীমিত আকারে’ গণপরিবহন চালু হয়েছে। তবে আসন খালি রাখায় যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
সোমবার সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা যায়, দীর্ঘ দিন ধরে পড়ে থাকা বাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে চালানো হচ্ছে। জীবাণুনাশক ছিটাতেও দেখা গেছে বেশ কিছু বাসে।
বেশ কয়েকটি বাস ঘুরে দেখা গেছে, বাসগুলোতেও জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা রয়েছে। যাত্রী ওঠানো এবং নামানোর সময় তাদের শরীরে স্প্রে করা হচ্ছে।
গাড়ি চালানোর শর্তের মধ্যে অন্যতম একটি ছিল যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো যাবে না। কিন্তু বেলা ১১টা পর্যন্ত এই নিয়ম মানতে দেখা যায়নি কোনো বাসকেই।
তবে বাসচালকরা জানায়, যাত্রী সংখ্যা কম থাকার কারণেই এমনটি করছেন তারা। অনুমোদিত সংখ্যক যাত্রী পেয়ে গেলে তারা আর এভাবে দাঁড়াবেন না।
দেখা গেছে, পল্লবী থেকে সদরঘাট পর্যন্ত বিহঙ্গ পরিবহন নিয়মিত সময়ে ভাড়া নিয়ে থাকে ৩০ টাকা। এখন তারা ভাড়া নিচ্ছে ৪৮ টাকা।
শিকড় পরিবহনের একটি বাসের চালক জানান, তারা মিরপুর থেকে ফার্মগেটের ভাড়া ১৫ টাকার বদলে ২৫ টাকা এবং মতিঝিলের ভাড়া ৩০ টাকার বদলে ৪৬ টাকা রাখছেন।






