321812

মার্কেট খোলার পর ফরিদপুরে ফের বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক।। ফরিদপুরে ঈদকে সামনে রেখে খুলে দেয়া মার্কেটগুলোতে নারী-পুরুষের উপচেপড়া ভিড়ের প্রেক্ষিতে অবশেষে দোকানপাট ও বিপণী বিতান খোলার দু’দিনের মধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে শহরের সকল মার্কেট ও বিপণী বিতান।

সোমবার দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ব্যবসায়ী নেতাদের জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গতকাল রবিবার থেকে শহরের নিউমার্কেটসহ অন্যান্য বিপণিবিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে প্রথম দুই দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। এতে করোনা সং’ক্রমণের ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে এ আশঙ্কায় সকল মার্কেট ও বিপণিবিতান বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার মার্কেট খোলার পর বেলা ১১টার দিকে নিউমার্কেট ও চকবাজার কাপড়পট্টিতে গিয়ে দেখা গেছে, মার্কেটের গেটে পুলিশ প্রহরা রয়েছে। ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হ্যান্ডমাইকে ক্রেতাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য নির্দেশ দিচ্ছেন। তবে প্রতিটি অলিগলি ও দোকানের সামনে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের সিংহভাগই নারী। কোলের শিশু নিয়ে এসেছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, মার্কেটে আসা ক্রেতাদের বেশির ভাগই দূরদূরান্ত ও গ্রাম হতে আসা। তারা কিনছেন কম দামের শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, জুতা-স্যান্ডেল ও কাপড়চোপড়। বেশি দামের কোনো পণ্যই তারা বিক্রি করতে পারেননি এই দুই দিনে। ফরিদপুর চেম্বার অব কমার্সের (এফসিসিআই) নেতৃবৃন্দ সোমবারও সরেজমিনে অবস্থা পরিদর্শন করেন।

এফসিসিআই পরিচালক নাজমুল ইসলাম খন্দকার লেভী বলেন, মার্কেটে একদিন এক পাশের ও অন্য দিনে আরেক পাশের দোকান খোলার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের একজনের বেশি না আসা ও কোনোক্রমেই শিশুদের না আনার কড়া নির্দেশনা রয়েছে। তিনি বলেন, যে সকল নির্দেশনা আমরা দিয়েছিলাম তার কোনোটাই মানা হচ্ছে না।

ফরিদপুর চকবাজার বণিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক দিনদয়াল আগরওয়াল জানান, মার্কেটে আসা ক্রেতাদের সচেতন করতে হ্যান্ডমাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সত্য নারায়ণ আগরওয়াল অ্যান্ড সন্সসহ কিছু দোকান বন্ধ রয়েছে। আবার অনেকে তা মানছে না।

ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর বলেন, নারী ও শিশুদের মার্কেটে না আসার জন্য পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ হতে ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু ঘটছে তার উল্টোটা। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ মঙ্গলবার থেকে সকল মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেন।

ad

পাঠকের মতামত