অত্যাধুনিক বিমান আনতে ১৫ ক্রুয়ের যুক্তরাজ্য গমন
নিউজ ডেস্ক।। অত্যাধুনিক বিমান (০৫টি সি-১৩০ জে) আনার জন্য বিমানবাহিনীর ক্রুদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি দল যুক্তরাজ্যে রওনা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এয়ার ক্রুরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রবিবার যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানটি দ্বিতীয় সি-১৩০ বিমান হিসেবে বাহিনীতে সংযোজন হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, এয়ার ক্রুদের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই বিশেষ ফ্লাইটে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া যুক্তরাজ্যে কয়েকজন নাগরিককেও সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এইচ ই সাদীয়া মুনা তাসনীমের সহযোগিতায় ওই বিমানেই যুক্তরাজ্যে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ঢাকা ফিরিয়ে আনা হবে। উৎস: দেশ রুপান্তর।






