তিন মাসের বাড়ি-দোকান ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের
নিউজ ডেস্ক।। দেশে চলমান করোনাভাইরাসজনিত সঙ্কটময় পরিস্থিতিতে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়াসহ অন্যান্য বিল মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ অন্যান্য ইউটিলিটি বিল বিদ্যুৎ, পানি, গ্যাস এবং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী করোনার মহামারি অবস্থা চলছে। বাংলাদেশের অবস্থাও নাজুক। এই অবস্থায় ভাড়াটিয়ারা এক দুর্বিষহ জীবনযাপন করছেন। এর মধ্যে বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছেন এবং বাড়ি ছেড়ে দেয়ার হুমকিও দিচ্ছেন। এটি অমানবিক।
বক্তারা আরও বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় মানুষ কোনো ধরনের কাজকর্ম করতে পারছেন না। বাইরে যেতেও পারছেন না। এ অবস্থায় রাজধানীসহ সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পড়েছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব দাবি করেন। সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আবেদ রেজা, এস এম আনিসুর রহমান খোকন প্রমুখ।






