ভারতে সবচেয়ে বেশি রূপ বদলাচ্ছে করোনা
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাস প্রতিনিয়ত নিজের গঠন বদলে ফেলছে। বারবার জিনগত পরিবর্তনের ফলে ভ্যাকসিন আবিষ্কারেও বেগ পেতে হচ্ছে গবেষকদের।
মেক্সিকোর লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরি ও ভারতের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ভাইরোলজিস্টদের ভাষ্য, জিনের গঠনের মিউটেশন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারতে।
প্রায় ৫০ শতাংশ ভাইরাল স্ট্রেনের মিউটেশন হয়েছে ভারতেই। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভাইরাসের স্পাইক প্রোটিনই হল যত নষ্টের গোড়া। যত কারিগরি সেখানেই।
মানুষের শরীরে ঠাঁই খুঁজে নেয়ার চাবি হল এ স্পাইক প্রোটিন। তাই একেই বদলে নিজের শক্তি বাড়িয়ে চলেছে করোনাভাইরাস- এমনটাই দাবি গবেষকদের।
প্রায় সকল ভাইরাসের মধ্যে কমবেশি জেনেটিক মিউটেশন বা জিনগত বদল দেখা যায়- কারও বেশি, কারও কম। কিন্তু করোনা সব মাত্রা ছাড়িয়ে গেছে।
ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী এসএস ভাসান বলেন, ভারতীয়দের শরীর থেকে নেয়া ৮২টি নমুনার মধ্যে যে ভাইরাল স্ট্রেন পাওয়া গেছে তার ৫০ শতাংশই জিনের গঠন বদলে ফেলেছে। এই মিউটেশনের নাম দেয়া হয়েছে ডি৬১৪জি।
অস্ট্রেলিয়ার সিএসআইআরওতে ৭১৭৬ ভাইরাস জিনোম নিয়ে গবেষণা চলছে। বিশ্বের নানা দেশ থেকে কোভিড রোগীদের নমুনায় পাওয়া ভাইরাল স্ট্রেনের জিনের গঠন বিন্যাস পাঠানো হয়েছে সেখানে। তার মধ্যে থেকে ভারতীয়দের শরীরে পাওয়া ভাইরাল স্ট্রেনের ৫০ শতাংশের মধ্যে এই মিউটেশন দেখা গেছে।






