রাত ৮টার পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ
নিউজ ডেস্ক।। আজ আনুষ্ঠানিকভাবে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন আদেশে কিছু ব্যাপার কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে। এক জেলা বা উপজেলা থেকে অন্য জেলা বা উপজেলায় যাতায়াত বন্ধ করা হয়েছে।
শুধু মাত্র জরুরি প্রয়োজনেই যাতায়াত করা যাবে। এছাড়া রাত আটটার পর থেকে বাড়ির বাইরে বেরুনোও সীমিত করা হয়েছে। অতি জরুরি দরকার ছাড়া রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বেরুনো যাবে না।
সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি চলাচল/নিষেধাজ্ঞাকাল বর্ধিতকরণ’ আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।




