320563

সৌদি আরব থেকে ৩ বছরে ফিরতে হতে পারে ৫ লাখ বাংলাদেশিকে

নিউজ ডেস্ক।। করোনায় সারা বিশ্ব আজ স্তব্ধ-গতিহীন। শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য এক প্রকার বন্ধ। বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন। এ নিম্নগামিতার প্রভাব পড়েছে তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবের ওপরও। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে ভিশন-২০৩০ বাস্তবায়নে দেশটির সরকার বিদেশি শ্রমিক ছাঁটাই করছে। এর প্রভাব পড়বে দেশটিতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ওপরও।

আগামী তিন বছরে ৫ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি থেকে দেশে ফিরতে হবে বলে মনে করছে বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য না থাকায় নতুনভাবে নিয়োগ পাওয়া প্রায় এক লাখ বাংলাদেশির ভিসা বাতিল করেছে সৌদি কোম্পানিগুলো। এসব শ্রমিক নতুন ভিসা নিয়ে সৌদি যাওয়ার অপেক্ষায় ছিলেন।

২০১৫ সাল থেকে সৌদি আরবের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং ভিশন-২০৩০ প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে থাকা বৈধ ও অবৈধ অন্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর নীতি নিয়েছে দেশটির সরকার। এখন আর সাধারণ ক্ষমা করে পুনরায় বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না সৌদি সরকার। এ প্রেক্ষাপটে সৌদি আরবে থাকা বাংলাদেশ দূতাবাস আশঙ্কা করছে, ৫ লাখের বেশি বাংলাদেশিকে ফেরত যেতে হবে।

করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হওয়ার পাশাপাশি সৌদিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটা বড় অংশই খাবারের কষ্টে ভুগছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি বাংলাদেশি করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। সৌদি বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, গতকাল পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন; মৃ’ত্যুহা’রও বেশি। গতকাল পর্যন্ত ৫৫ জন মারা গেছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গতকাল পর্যন্ত সৌদি আরবে ২৭ হাজার ১১ জন করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন, মারা গেছেন ১৮৪ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৩৪ জন। করোনার কারণে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। ফলে অর্থনৈতিক সংকটে পড়েছে সৌদি সরকার। এতে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছেন অভিবাসীকর্মীরা। সেইসঙ্গে শুরু হয়েছে ফ্রি ভিসায় যাওয়া কর্মীদের ওপর দেশে ফেরার নির্দেশ।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, বাংলাদেশের কর্মীদের খাবারের সংকটের বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধানের চেষ্টা চলছে। ওয়েবসাইট ও ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে যাদের সহায়তা প্রয়োজন, তাদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। হাজারপাঁচেক লোককে খাবার দেওয়া হচ্ছে। এ ছাড়া আইওএম, আন্তর্জাতিক রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক সংস্থা এবং সচ্ছল প্রবাসী নাগরিকরাও বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

আগামী তিন বছরের মধ্যে বিশালসংখ্যক বাংলাদেশিকে নিজ দেশে ফিরতে হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের ভিশন-২০৩০ অনুযায়ী পুরো সৌদির শ্রমবাজারে সৌদি আরবের ৭০ শতাংশ নাগরিককে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দেশটির। এটি বাস্তবায়নে সব দেশের অভিবাসী শ্রমিকদের ক্রমান্বয়ে ছাঁটাই করে নিজ দেশে ফেরত পাঠাবে সৌদি সরকার। এরই মধ্যে বিভিন্ন ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে সৌদি সরকার। সৌদিতে বিদেশি কর্মীদের পরিবারের ওপর মাসিক চার্জ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ইকামার ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি কর বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সেক্টরে বিশেষত যেসব সেক্টরে বাংলাদেশিরা কাজ করতেন, সেখানে সৌদি নাগরিকদের নিয়োগ দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশিদের ফেরত যেতে হবে। বর্তমানে তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ছে দেশটি।

দেশটি শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেনিÑ উল্লেখ করে গোলাম মসিহ বলেন, মধ্যপ্রাচ্যেও অন্য দেশের শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করলেও সৌদি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে ভিশন-২০৩০ নীতির কারণে তারা তাদের লোকের কর্মসংস্থান করছে। আর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এখন অত্যন্ত মধুর। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি বাস্তবতার নিরিখে দ্রুত বিকল্প শ্রমবাজার খোঁজার জন্য। তা হলে তেমন কোনো সমস্যা হবে না। নতুন পাওয়াদের ভিসা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ভিসা সৌদি সরকার বাতিল করেনি। করোনার কারণে কাজ না থাকায় নিয়োগকারী কোম্পানিগুলো বাতিল করেছে। কারণ কাজ না থাকলে শ্রমিক এসে কী করবেন।

উল্লেখ্য, সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনা ও বাস্তব চিত্র তুলে ধরে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। গত মাসে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি নীতির কারণে আগামী তিন বছরে ৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিককে দেশে ফিরতে হবে। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত