‘আমেরিকা-ইরান-ভারত আমাদের কিট নিতে চায়’
নিউজ ডেস্ক।। আমেরিকা, ইরান ও ভারত গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট নিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাতে মুঠোফোনে তিনি দৈনিক আমাদের সময়কে এসব কথা জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমেরিকা থেকে আমাকে ফোন করেছে। তারা এই কিট নিয়ে পরীক্ষা করবেন। ইরান, ভারত আমাদের কিট নিতে চায়। অথচ নিজ দেশের স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্ব দিচ্ছে না। এটাই দুঃখের বিষয়। তবে আমরা অপেক্ষায় থাকব।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘পৃথিবীর অনেক দেশ আমাদের কিটের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। কিন্তু ব্যবসায়ী স্বার্থে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর এ কিট পরীক্ষা করতে বিলম্ব করছে। ঔষধ প্রশাসনের ডিজির সংবাদ সম্মেলন করার আগে আমি তাকে ফোন করেছি, ক্ষুদে বার্তা পাঠিয়েছি। কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলেননি। ডিজি আমার সঙ্গে কথা বললে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে ভুল করেছেন তা করতেন না।’
এ দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিট নেবে। তারা এটি পরীক্ষা করে দেখবে এবং রেজাল্ট জানাবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট পরীক্ষা-নিরীক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবেন বলেও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। উৎস: দৈনিক আমাদের সময়।




